সবুজবাগে তরুণীর মৃত্যু প্রেমিক গ্রেপ্তার
রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় গত বুধবার অপর্ণা আক্তার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, মতবিরোধের জের ধরে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে পুলিশ তাঁর প্রেমিক রুবেলকে (২৬) গ্রেপ্তার করেছে।অপর্ণা ও রুবেলের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, অপর্ণা মা ও ভাইবোনদের সঙ্গে দক্ষিণ বাসাবোর বাসায় থাকতেন। তাঁর সঙ্গে দীর্ঘ পাঁচ বছর ধরে রুবেলের প্রেম চলছিল। রুবেল একজন গাড়ির মিস্ত্রি। গত বুধবার সন্ধ্যায় অপর্ণা রুবেলের দক্ষিণগাঁওয়ের বাসায় যান। এ সময় তাঁদের দুজনের মধ্যে বিয়ে-সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তিনি রুবেলের শোবার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। তাঁর গোঙানির শব্দে পাশের কক্ষ থেকে রুবেল এসে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে এ বিষয়টি পুলিশকে জানানো হয়।অপর্ণার বোন রেহানা আক্তার জানান, অপর্ণা কমলাপুর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাবার নাম মৃত সাব্বির হোসেন। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।