সভায় তিনি এলেন, তাই অন্যরা চলে গেলেন
যৌন নিপীড়নের অভিযোগ থাকা এক শিক্ষক যোগ দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাডেমিক কমিটির সভা বর্জন করেছেন ১২ জন শিক্ষক। তাঁরা বলেছেন, বিভাগের অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্লা যৌন নিপীড়নের অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁর সঙ্গে বসে সভা হতে পারে না।গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে ওই বিভাগেরই এক ছাত্রী যৌন নিপীড়নের লিখিত অভিযোগ আনেন গত বছরের ২৪ ডিসেম্বর। এরপর বিষয়টি তদন্ত না হওয়ায় এ বছরের ২১ জুনে আবার চিঠি দেওয়া হয়। বিভাগের শিক্ষকদের অভিযোগ, ওই শিক্ষককে বাঁচানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। গতকাল বেলা ১১টায় একাডেমিক কমিটির সভায় উপস্থিত ছিলেন ১৬ জন শিক্ষক। সভা চলার ৪৫ মিনিট পর বৈঠকে যোগ দেন বিভাগের শিক্ষক গিয়াসউদ্দিন মোল্লা। অন্য শিক্ষকেরা এর প্রতিবাদ জানান। এরপর সভায় উপস্থিত আবদুল ওদুদ ভূঁইয়া, ইউ এ বি রাজিয়া আক্তার বানু, হাসানুজ্জামান, ফেরদৌস হোসেন, দিল রওশন জিন্নাত আরা নাজনীন, এমরান হুসাইন, মুহাম্মদ সোহরাব হোসেন, শরীফুল ইসলাম, সাব্বির আহমেদ, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, মনিরুল ইসলাম ও মামুন আল মোস্তফা সভা ত্যাগ করেন। উপস্থিত ১৬ জনের মধ্যে ১২ জন ওয়াকআউট করায় সভা স্থগিত হয়ে যায়। বিভাগের চেয়ারপার্সন শওকত আরা হোসেন বলেন, ‘বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছি তদন্ত কমিটি করেন। কিন্তু কেন কমিটি হচ্ছে না, সেটা আমারও প্রশ্ন।’ওয়াকআউট করা শিক্ষকদের একজন মামুন আল মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক হিসেবে আমরা নৈতিক অবস্থান থেকে সরতে পারি না। তাই অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাঁর সঙ্গে কোনো ধরনের একাডেমিক কাজে উপস্থিত থাকতে আমরা রাজি নই।’গিয়াসউদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘একাডেমিক কমিটির সভা ছিল। আমি সেখানে শেষের দিকে গিয়েছিলাম। এর কিছুক্ষণ পরেই সভার কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় চেয়ারপারসন সভা স্থগিত করে দেন।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘যৌন হয়রানি বা নির্যাতনের যেকোনো অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের পাঁঁচ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি আছে। এই কমিটির আওতায় তদন্ত চলছে। তাই আলাদা কমিটির সুযোগ নেই।’ তদন্তে দেরির কারন সম্পর্কে উপাচার্য বলেন, অভিযুক্ত শিক্ষক আদালতে মামলা করায় জটিলতার সৃষ্টি হয়েছে।তবে তথ্যানুসন্ধান কমিটির সদস্য তাজমেরী সেলিনা ইসলাম বলেছেন, ‘নামকাওয়াস্তে কমিটির সদস্য আছি। আজ পর্যন্ত এর কোনো সভা হয়নি। কেন সভা হয়নি জানতে চাইলে তিনি বলেন, কমিটির আহ্বায়ক রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় সভা ডাকেননি।