বৃষ্টি হলেই দেশের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে। ঢাকা শহরের সর্বত্র জমে যাচ্ছে পানি। এসব হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ না থাকার কারণে। সভ্যতার জন্য বড় বিপদ বয়ে আনছে এই বর্জ্য। এ বিষয়ে সাধারণ মানুষ ও নীতি নির্ধারকদের সচেতন করার উদ্যোগ নিতে হবে। গতকাল শনিবার বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে কঠিন ও বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ছাত্রজীবনে শীতলক্ষ্যা নদীতে পরিষ্কার পানি দেখেছি। আর এখন নোংরা পানি আর দুর্গন্ধের কারণে নদীর কাছে যাওয়া যায় না। বুড়িগঙ্গা নদীও আজ মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এসবই বর্জ্য অব্যবস্থাপনার ফল। ‘সোলিড অ্যান্ড হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বইটি লিখেছেন, এম হাবিবুর রহমান ও আবদুল্লাহ আল-মুয়ীদ। বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন বুয়েটের ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক সেন্টারের কেন্দ্র ব্যবস্থাপক শেখ আবু জাফর শামসুদ্দিন প্রমুখ।