সম–অধিকারের বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন লুণ্ঠিত হচ্ছে: সারওয়ার আলী
সব ধর্মের মানুষের সম–অধিকারভিত্তিক বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন লুণ্ঠিত হতে চলেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে হিন্দুধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাঁদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটি উদ্যাপন করতে পারলেন না। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শুক্রবার বিকেলে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে সারওয়ার আলী এসব কথা বলেন। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ছায়ানট, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও নারীপক্ষসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন হয়। কর্মসূচিতে গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে দেওয়া বক্তব্যে সারওয়ার আলী বলেন, ‘বাংলাদেশে আজ যে সাম্প্রদায়িক অপশক্তি আমাদের সম্প্রীতি বিনষ্ট করতে চায়, আমরা তার বিরুদ্ধে। সব ধর্মের সম–অধিকারের রাষ্ট্রের স্বপ্নটি আজ লুণ্ঠিত হতে চলেছে। তাই পাকিস্তান আমলের মতো বড় প্রয়োজন রাজনৈতিক-অর্থনৈতিক আন্দোলনের পাশাপাশি রবীন্দ্রনাথ, নজরুল, লালন, শাহ আবদুল করিম ও আজকের নবীনতম কবিকে অবলম্বন করে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এর মধ্য দিয়েই পথভ্রষ্ট সমাজে আমরা মুক্তিযুদ্ধের আদর্শ পুনরুদ্ধার করব।’
মানববন্ধনে জাতীয় সংগীতসহ বেশ কিছু গান সমবেত কণ্ঠে গাওয়া হয়। কর্মসূচি শেষ হওয়ার আগে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি বুলবুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দেন। অশুভ শক্তিকে বধ করতে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।