স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ভুঁইফোড় সমবায়ীদের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে সমবায় খাত ধ্বংস হতে চলেছে। গতকাল মঙ্গলবার খসড়া জাতীয় সমবায় নীতিমালা-২০১১ (সংশোধনী) নিয়ে আয়োজিত কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে সারা দেশে গ্রামভিত্তিক সমবায় সংগঠন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ১০ হাজার গ্রামে এই কার্যক্রম চালু করা হয়েছে। এলজিআরডি মন্ত্রণালয় জানায়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) সামনে রেখে দেশের উন্নয়ন ও সমবায় খাতের বিকাশ এবং সমবায় আন্দোলন বেগবান করতে সমবায় নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।কর্মশালায় নীতিটির উদ্দেশ্য, বাস্তবায়নপ্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, সমবায় সমিতিগুলোর ভূমিকা ও নীতিমালার কৌশল নিয়ে বিশেষজ্ঞ ও সুবিধাভোগীদের (স্টেকহোল্ডার) মধ্যে আলোচনা হয়। সাংসদ মো. মনোয়ার হোসেন চৌধুরী, মো. নজরুল ইসলাম, আশরাফ আলী খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার প্রমুখ আলোচনায় অংশ নেন। বিজ্ঞপ্তি