সমবয়সী শিশুর হাতে আরেক শিশুর মৃত্যু
সায়েদাবাদে গতকাল বৃহস্পতিবার মার্বেল খেলার সময় ১১ বছরের এক শিশুর ধাক্কায় দেয়ালের সঙ্গে মাথায় আঘাত লেগে সমবয়সী আল আমিন নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সায়েদাবাদের করাতিটোলা প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ত।নিহত শিশুর পরিবার জানায়, আল আমিন তার মা-বাবার সঙ্গে ১৩/২ করাতিটোলায় থাকত। গতকাল সন্ধ্যার আগে আল আমিন সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে মার্বেল খেলছিল। একপর্যায়ে সাইফুল ইসলাম চড় মারে আল আমিনের গালে। এরপর আল আমিনকে ধাক্কা দিলে সে ছিটকে পাশের পাকা দেয়ালে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। শিশুটির মা অচেতন অবস্থায় সন্ধ্যা সাতটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি সাংবাদিকদের বলেন, এতটুকু ছেলেকে তিনি কীভাবে আসামি করবেন। শিশুটির বাবা ওসমান বেপারি ট্রাকচালক। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, শিশুটির মা আমেনা বেগম অভিযুক্ত সাইফুলকে আসামি করে মামলা করতে চান না। শিশুটির মা রাজি না হলে পুলিশ মামলা করবে।