সময়ের ট্রেন অসময়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটি শেষে আবারও শহরের কর্মস্থলে ফিরছে মানুষ। যাওয়া-আসার দুই চিত্র একই রকম। ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের এই ছবি বগুড়ার চেলোপাড়া রেলসেতু এলাকা থেকে গতকাল বেলা আড়াইটায় তোলা l সোয়েল রানা
ঈদের ছুটি শেষে আবারও শহরের কর্মস্থলে ফিরছে মানুষ। যাওয়া-আসার দুই চিত্র একই রকম। ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের এই ছবি বগুড়ার চেলোপাড়া রেলসেতু এলাকা থেকে গতকাল বেলা আড়াইটায় তোলা l সোয়েল রানা

‘ঢাকা থেকে বেলা দুইটা ৪০ মিনিটে ছাড়ার কথা সিল্কসিটি ট্রেনের। পরে জানানো হলো সম্ভাব্য সময় বিকেল চারটা ১০। কিন্তু পৌনে পাঁচটা পর্যন্ত ট্রেন কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছায়নি। এত দেরি জানতাম না। ভোগান্তি প্রচণ্ড।’ কথাগুলো বললেন ঢাকার কমলাপুর রেলস্টেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী জয় জেমস কস্তা। তিনি যাবেন রাজশাহী।
একই ধরনের ভোগান্তির কথা জানালেন রাজশাহী পথের একই ট্রেনের অপর যাত্রী চাকরিজীবী সোহেল হোসেন। তিনি বলেন, সিল্কসিটি ট্রেনটি রাজশাহী থেকে পাঁচটার দিকে কমলাপুর পৌঁছায়।
পরে খোঁজ নিয়ে জানা গেছে, পৌনে ছয়টায় ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ঢাকা ছাড়ে।
গতকাল শনিবার বিকেলে কমলাপুর রেলস্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেল। সেখানে ফিরতি ট্রেনে প্রচণ্ড ভিড়ও দেখা যায়। সময় ধরে বেশ কয়েকটি ট্রেন চলেনি।
রেলের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, দেরিতে চলছে মূলত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরের ট্রেনগুলো। কারণ এসব ট্রেন পথে প্রায় ১৮ থেকে ২০টি স্থানে থামে। স্বাভাবিক সময়ে এসব স্থানে তিন থেকে পাঁচ মিনিট যাত্রাবিরতি করে। কিন্তু এখন যাত্রী বেশি বলে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত যাত্রাবিরতি দিতে হয়। এ ছাড়া বাড়তি যাত্রীর কারণে নিরাপত্তার কথা চিন্তা করে ট্রেনের গতিও কম রাখা হয়।