সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনী ২০১০ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. জিল্লুর রহমান। গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। রাষ্ট্রপতি সেখানে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সমরাস্ত্র ও সরঞ্জাম দেখেন। তিনি স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন সেক্টরভিত্তিক মডেল পরিদর্শন করেন এবং মুক্তিযুদ্ধের ওপর প্রদর্শিত প্রামাণ্যচিত্র এবং স্বাধীনতা সংগ্রামের ওপর ভিত্তি করে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড ও জাতীয় উন্নয়নে তাঁদের ভূমিকা-সংক্রান্ত ছবি, ভিডিও, পরিসংখ্যান, উপাত্ত প্রত্যক্ষ করেন। নৌবাহিনী স্টলে ‘বিএনএস বঙ্গবন্ধু’ যুদ্ধজাহাজের বিভিন্ন অংশ পরির্দশন করেন। নৌবাহিনীর একটি আধুনিক জাহাজ সম্পর্কে অবহিত হন। সেখানে তিনি নৌবাহিনীর ডুবুরিদের মহড়া দেখেন। তথ্য অধিদপ্তর ও আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি প্যারেড স্কয়ারে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় বিমানবাহিনীর পাঁচটি বিমান দর্শনীয় ফ্লাই পাস্ট করে রাষ্ট্রপতিকে সন্মান জানায়।প্রদর্শনী পরিদর্শনকালে রাষ্ট্রপতির সচিবেরাও উপস্থিত ছিলেন।