আগামী ৩ জুলাইয়ের হরতালের সমর্থনে গতকাল বুধবার রাজধানীতে একাধিক রাজনৈতিক দল ও সংগঠন মিছিল, সমাবেশ ও পদযাত্রা করেছে। বঙ্গোপসাগরে দুটি ব্লকে গ্যাস উত্তোলনে বহুজাতিক কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আধা বেলার এই হরতাল ডেকেছে। গতকাল বিকেলে খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয় কমিটি। সমাবেশে কমিটির নেতারা এই চুক্তিকে দেশের জন্য সর্বনাশা আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান। রাহাত আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বজলুর রশীদ, রাগিব আহসান, আবদুস সালাম প্রমুখ। এ ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন সংগঠনের নেতারা। হরতালের সমর্থনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গতকাল জাতীয় প্রেসক্লাবে সমাবেশ ও বিক্ষোভ করে। সৈয়দ আবু জাফর আহমেদের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেন সিপিবির শামসুজ্জামান সেলিম, আহসান হাবিব, শংকর ভট্টাচার্য। হরতালের প্রতি সমর্থন জানিয়ে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে সংস্কৃতি মঞ্চ। গণসংহতি আন্দোলন হরতালের সমর্থনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকার লক্ষ্মীবাজার, ধানমন্ডি ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ করে। এদিকে বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গতকাল এক বিবৃতিতে হরতাল ছাড়া জাতীয় কমিটির সব কর্মসূচির প্রতি সমর্থন জানান।