রাজধানীর বনানীতে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একত্রে বসে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সাউথইস্ট ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।এ ব্যাপারে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ হয়েছে। তবে বৈঠকের সময় নির্ধারণের ব্যাপারে অপর পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে উভয় পক্ষই অভিযোগ করেছে।সাউথইস্ট ইউনিভার্সিটির প্রক্টর সৈয়দ ফখরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘দুই বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে বৈঠক করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা আন্তরিক।’যোগাযোগ করা হলে প্রাইম এশিয়ার রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা বলেন, ‘সমাধানের ব্যাপারে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক। এ ব্যাপারে আমাদের উপাচার্য সাউথইস্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেছেন। আশা করছি, অচিরেই সমস্যার সমাধান হবে।’গত শনিবার তুচ্ছ ঘটনায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে ওই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর প্রাইম এশিয়া অনির্দিষ্টকালের জন্য এবং সাউথইস্ট আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। ঘটনা তদন্তে উভয় বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করে। অপরদিকে গুলশান থানার পুলিশ দুই বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীকে আসামি করে মামলা করে। তবে গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।