সমাজে ক্ষমতায়নে এবং সৃজনশীলতার নানা ক্ষেত্রে উত্কর্ষ, উদ্যম ও সফলতার যে ছাপ বাংলাদেশের নারীরা রাখছেন, তা ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে গুরুত্ববহ। সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতির বিভিন্ন শাখায় নারীর সৃজনশীলতা দ্যুতিময় হয়ে উঠছে।
গতকাল মঙ্গলবার ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে ‘নারীর সৃজন ও অধিকার’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। যৌথভাবে এ আলোচনার আয়োজন করে শিল্পসাহিত্য-বিষয়ক পত্রিকা কালি ও কলম ও মানুষের জন্য ফাউন্ডেশন।
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, চিত্রশিল্পী হাশেম খান, মনিরুল ইসলাম, নাট্যজন সারা যাকের, আফজাল হোসেন, কথাসাহিত্যিক নাসরীন জাহান, সংগীতশিল্পী ফাহমিদা নবী, খায়রুল আনাম শাকিল প্রমুখ। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত।
বক্তারা বলেন, সৃজনের ক্ষেত্রে নারীরা কখনো পুরুষের থেকে পিছিয়ে ছিল না। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ার কারণে তারা নানা ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল। বর্তমানে এ অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে এখনো সমাজের সব প্রতিকূলতা দূর হয়নি। সমাজ ও রাষ্ট্র এখনো নারীর জন্য উপযোগী নয়। সরকারকে সামাজিক নিরাপত্তা বাড়াতে হবে। যাতে একজন নারী মধ্যরাতেও নির্ভয়ে ঘরে ফিরতে পারে। নারীর সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পেলে সৃজনে ও অর্থনীতিতে তারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
বক্তারা আরও বলেন, নারী ও পুরুষ উভয়কেই নারীবাদী হওয়া উচিত। এ নারীবাদের অর্থ নারীর স্বাধীনতাকে বোঝায়। শুধু নারীবাদী হলেই চলবে না। নারীর জন্য কাজ করেই নিজেদের নারীবাদী প্রমাণ করতে হবে।