জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের (প্রথম ব্যাচ) সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শেষ হয় গত ফেব্রুয়ারি মাসে। কিন্তু পাঁচ মাস পার হলেও ফল প্রকাশ না করেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা নিতে যাচ্ছে বিভাগটি। বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পদ্ধতির নিয়ম অনুযায়ী, আট সপ্তাহের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা। এ ছাড়া ফল প্রকাশের আগে পরবর্তী সেমিস্টারের পরীক্ষা নেওয়া যাবে না। খোঁজ নিয়ে জানা যায়, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে গত ১১ জুলাই পঞ্চম সেমিস্টারের প্রাথমিক ফলাফল জমা দেয় সমাজকর্ম বিভাগ। ওই দিনই ২২ জুলাই থেকে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা শুরু করার নোটিশ দেয় বিভাগটি। তবে ফল প্রকাশ না করে পরীক্ষা নেওয়ায় প্রশ্ন উঠলে প্রথম পরীক্ষা স্থগিত করা হয়। একই সঙ্গে ২৬ জুলাই থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সময়মতো ফল প্রকাশ না করায় সেশনজট বাড়ছে। এবার সেই ব্যর্থতা ঢাকতে ফল প্রকাশ না করেই বেআইনিভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে করে পঞ্চম সেমিস্টারের অকৃতকার্য ব্যক্তিরা ‘শর্ট সেমিস্টার’-এর নিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হবে। তবে ফল প্রকাশের পর পরীক্ষা হলে বিষয়টি এড়ানো যায়। বিভাগের প্রধান মোস্তফা হাসান বলেন, ‘সব নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হবে। ফল প্রকাশ না হওয়াতেই প্রথম পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার আগেই ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না।’ পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান বলেন, ‘ফল প্রকাশের আগে পরীক্ষা নেওয়া আইনসম্মত নয়। এ মাসের মধ্যে সমাজকর্ম বিভাগের ফল প্রকাশ করতে কাজ চলছে।’