সমাজতান্ত্রিক দক্ষিণ এশিয়া গড়ার আহ্বান
দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের মধ্য দিয়ে একটি সমাজতান্ত্রিক দক্ষিণ এশিয়া গড়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশ থেকে আসা বাম সংগঠনের নেতারা। গতকাল শনিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে এক সংহতি সমাবেশে বক্তারা এ আহ্বান জানান।ওই ফোরামের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে এতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বাম নেতাদের নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ওই সমাবেশের আয়োজন করে। সমাবেশে দলের সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, ‘করপোরেট আগ্রাসনের কারণে বেঁচে থাকতে আমাদের লড়াই করতে হচ্ছে। আর এ কারণেই বিশ্বজুড়ে আজ অর্থনৈতিক সমতার জন্য সাধারণ জনগণ লড়াই করছে।’ সাউথ এশিয়ান ফোরামের মধ্য দিয়ে পুঁজিবাদের নির্মূলের জন্য ঐক্যবদ্ধ হতে সব বাম সংগঠনের নেতাদের একত্র হওয়ার আহ্বান জানান মেনন।ভারতের ত্রিপুরা থেকে আসা বাম নেতা নরেশ চন্দ্র জমাতিয়া বলেন, ‘সমাজতন্ত্র ছাড়া একটি শোষণমুক্ত বিশ্ব সম্ভব নয়।’ পুঁজিবাদকে বর্বর প্রথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্ণ ও শ্রেণীবৈষম্য থেকে একমাত্র সমাজতন্ত্রই মুক্তি দিতে পারে।’ পাকিস্তানের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা সামির দোসানি বলেন, পুঁজিবাদী অর্থনীতি ধ্বংসের পথে। ওয়াল স্ট্রিট দখলের আন্দোলন তারই ইঙ্গিত দিচ্ছে। সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে তাই এখনই জেগে উঠতে হবে। সমাবেশে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, ন্যাশনাল আওয়ামী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণতান্ত্রিক পার্টির মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।