সমাজে মানবতাবাদী ধারা গড়ে তুলতে চেয়েছিলেন গোবিন্দচন্দ্র দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে ধর্মনিরপেক্ষ এবং উদার মানবতাবাদী ধারা গড়ে তুলতে চেয়েছিলেন শহীদ গোবিন্দচন্দ্র দেব। তিনি ছিলেন মনেপ্রাণে অসাম্প্রদায়িক ও গভীর ধর্মপ্রাণ হয়েও ধর্মনিরপেক্ষ। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ছিল তাঁর স্বপ্ন। জিসি দেব হিসেবে সমধিক পরিচিত গোবিন্দ্রচন্দ্র দেবের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তারা তাঁর সম্পর্কে এসব কথা বলেন। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী তাদের কুখ্যাত অপারেশন সার্চলাইটের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিযানের সময় দর্শনের অধ্যাপক গোবিন্দচন্দ্র দেবকে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে ‘গোবিন্দ দেব দর্শনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন সৈয়দ আবুল মকসুদ। মূল প্রবন্ধে তিনি বলেন, গোবিন্দচন্দ্র দেব তাঁর সমন্বয়বাদী দর্শন গড়ে তুলেছিলেন তৎকালীন বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে। যে বিজ্ঞান মানুষের কল্যাণ করে, তার পক্ষপাতী ছিলেন তিনি। তাঁর দর্শন ছিল মানুষের কল্যাণকামী। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মানবতাবোধ থেকে দূরে সরে আসার কারণেই সমাজে অবক্ষয় সৃষ্টি হয়েছে। এ জন্য মানবতাবাদী দর্শন খুবই প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলা অনুষদের ডিন সদরুল আমীন, আমিনুল ইসলাম, নীরুকুমার চাকমা প্রমুখ বক্তব্য দেন।