সমাজের প্রতিটি স্তরে নারীর ক্ষমতায়ন দাবি
দেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীর অবদানের কথা বিবেচনা করে সমাজের প্রতিটি স্তরে তাঁদের উপযুক্ত ক্ষমতায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপের (বিএডব্লিউএল) নেতারা।নেতারা বলেছেন, যথোপযুক্ত নেতৃত্ব দেওয়ার জন্য নারীদের গড়ে তুলতে এবং তাঁদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পরিবার ও সমাজের সহায়তা প্রয়োজন। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে বিএডব্লিউএল আয়োজিত ‘নারীর ক্ষমতায়ন: তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে ব্যবহার’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালার উদ্বোধন করেন সংগঠনের নির্বাহী পরিচালক নাসিম ফেরদৌস। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ১৯৯৫ সালে বেইজিংয়ে বিশ্বের ১৮৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সম্মেলনে ৩০ শতাংশ নারীর রাজনীতিতে আসার সুযোগ সৃষ্টির কথা বলা হয়। কিন্তু বাংলাদেশসহ অনেক দেশে এখনো ওই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।কর্মশালার প্রথম ভাগে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এগুলো উপস্থাপন করেন যথাক্রমে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম, সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা বিভাগের প্রধান ফাহমিদা খাতুন এবং এসিআই লিমিটেডের তথ্য বিশ্লেষণ বিভাগের প্রধান সাইফুল্লাহ শোভন।