সমাজের সব ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিতের আহ্বান
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমাজের সব ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে সুযোগের সমতা নিশ্চিত করা গেলেই কেবল দারিদ্র্য বিমোচন, সামাজিক সুসংগতি ও অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।তিনি বলেন, বিশ্বব্যাপী আজও নারীরা সমাজের পিছিয়ে পড়া অংশ। তাদের পর্যাপ্ত সুযোগ প্রদান ও ক্ষমতায়নের মধ্য দিয়ে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। আর এভাবেই সুসংগতিপূর্ণ ও দারিদ্র্যমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। প্রতিমন্ত্রী গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘বিশ্ব উন্নয়ন ফোরাম ২০১৩’-এ প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখছিলেন। বিশ্বের উন্নত দাতা দেশগুলোর সংগঠন অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এ ফোরামের আয়োজন করে। গতকাল শনিবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রতিমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনের মূল উদ্দেশ্য হচ্ছে সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সুবিধা ও সুযোগ প্রদানের মধ্য দিয়ে তাদের জীবন মানের স্থায়ী উন্নয়ন সাধন করা। সমাজের কোনো অংশকে সুবিধাবঞ্চিত ও দরিদ্র রেখে সুসংগতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এ লক্ষ্যে সব প্রচেষ্টা হতে হবে অন্তর্ভুক্তিমূলক, যাতে করে সমাজের কোনো অংশই নিজেদের বঞ্চিত মনে না করে। প্যারিসের ওইসিডি কনফারেন্স সেন্টারে আয়োজিত এ ফোরামে বিশ্বের বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১৫ পরবর্তী বিশ্ব বিনির্মাণে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে ওইসিডির পক্ষ থেকে এই ফোরামের আয়োজন করা হয়। বাসস।