সমাধানের দুই পথ হয় আলোচনা নয় যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদোজ্জা চৌধুরী বলেছেন, ‘আলোচনা ছাড়া কোনো দেশের রাজনৈতিক সমস্যার সমাধান হয়নি। দ্বিতীয় পথ হচ্ছে যুদ্ধ। হয় আলোচনা, নয় যুদ্ধ।’ বি চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি কি দেশকে, জনগণকে যুদ্ধের দিকে ঠেলে দেবেন।’
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল মঙ্গলবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বি চৌধুরী এসব কথা বলেন। ‘স্বাধীন সাংবাদিকতা, বিপন্ন মানবতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজক ছিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন।
বি চৌধুরী বলেন, ‘৫ জানুয়ারির এক নির্বাচনই বলে দিয়েছে এ দেশে গণতন্ত্র থাকবে না। বঙ্গবন্ধু যুদ্ধের আগে আলোচনায় বসেছিলেন ইয়াহিয়ার সঙ্গে। এখন বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি নেই। তার পরও কেন আলোচনায় বসবেন না।’ বি চৌধুরী রাষ্ট্রপতিকে প্রধান করে অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠন করে অন্তর্বর্তীকালীন নির্বাচনের দাবি করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পেশাজীবীদের মধ্যে সাংবাদিকেরা এখন সবচেয় বেশি নির্যাতিত। তাঁরা সম্প্রতি প্রথম আলোর পটুয়াখালীর বাউফল উপজেলার প্রতিনিধি মিজানুর রহমানের ওপর পুলিশের অমানবিক অত্যাচার ও নির্যাতনের তীব্র নিন্দা জানান।
আয়োজক সংগঠনের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে-একাংশের) সভাপতি আবদুল হাই শিকদার, ডিইউজের (একাংশের) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যাপক আলমগীর কবির।