সমাবর্তনের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তন হবে ৩১ মার্চ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠেয় ৪৬তম সমাবর্তনটি হবে নয় দশকের ইতিহাসের সবচেয়ে বড় সমাবর্তন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান বলেন, এবারের সমাবর্তনে ১৬ হাজার ৫৫০ জন গ্র্যাজুয়েট, ৭৫ জন এমফিল ও ৮৯ জন পিএইচডি ডিগ্রিধারীকে সনদ দেওয়া হবে। এ ছাড়া ভালো ফলাফলধারী ৫৯ জনকে দেওয়া হবে স্বর্ণপদক।২৭ থেকে ২৯ মার্চ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে সমাবর্তনের আমন্ত্রণপত্র ও গাউন সংগ্রহ করতে হবে। ৩০ মার্চ খেলার মাঠে সমাবর্তনের মহড়া অনুষ্ঠিত হবে।ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, সমাবর্তনে আগত ব্যক্তিদের চলাফেরা নির্বিঘ্ন রাখতে বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন সংগঠনের সদস্যদের পাশাপাশি বিপুলসংখ্যক পুলিশও মোতায়েন থাকবে ক্যাম্পাসে।বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক প্যাসকেল লামিকে ‘সমাবর্তন বক্তা’ করার প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাম ছাত্রসংগঠনগুলো।