সমাবেশ চারদলীয় জোটের ভোগান্তি গণমানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোটের সমাবেশের কারণে গতকাল মঙ্গলবার রাজধানীতে ব্যাপক ভোগান্তির শিকার হয়েছেন মানুষ। রাস্তায় গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কম ছিল। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মানুষ গন্তব্যে যাওয়ার জন্য যানবাহন পাননি।গতকাল রাজধানীর নয়াপল্টনে চারদলীয় জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়। এ জন্য নয়াপল্টনসহ কাকরাইল, বিজয়নগর ও ফকিরেরপুল এলাকার গুরুত্বপূর্ণ তিনটি সড়ক প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে। দুপুর ১২টা থেকে বাস ও ট্রাকে করে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন। গাড়িগুলো সমাবেশস্থল থেকে কিছুটা দূরে কাকরাইল, মালিবাগ, পল্টন, ফকিরেরপুল, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় রাস্তার ওপর রেখে গাড়ি থেকে নেমে তাঁরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। ফলে ওই এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হয়।বেলা একটার দিকে পুলিশ নয়াপল্টনের দিকের রাস্তাগুলোতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ফলে মৌচাক মোড় হয়ে কাকরাইলের দিকে আসা যানবাহনগুলো রাজারবাগ-খিলগাঁও বিশ্বরোড হয়ে এবং মগবাজার-কাকরাইল চার্চ-মৎস্য ভবন হয়ে ঘুরে চলাচল করতে হয়। কাকরাইল হয়ে মালিবাগ-রামপুরাগামী যানবাহনগুলো শান্তিনগর-কাকরাইল-ইউবিএল ক্রসিং-মৎস্য ভবনের পথে এবং ফকিরেরপুল হয়ে চলাচলকারী গাড়িগুলোকে রাজারবাগ চাঁদমারী হয়ে ঘুরে চলাচল করতে হয়। প্রেসক্লাবের সামনের রাস্তাটিতেও শুধু রিকশা চলাচল করতে দেওয়া হয়।নগরের অন্যতম ব্যস্ততম এলাকা শাহবাগ, তোপখানা রোড, পুরানা পল্টন, কাকরাইল, দৈনিক বাংলার মোড় ও মতিঝিল এলাকার চিত্র দুপুর থেকেই পাল্টে যেতে থাকে। অন্য দিনগুলোতে এসব এলাকা থাকে যানজটে স্থবির। কিন্তু গতকাল রাস্তা ছিল প্রায় ফাঁকা। যানবাহনের সংখ্যা কম থাকায় ঘরে ফেরা মানুষ বিপত্তির মুখে পড়েন। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস না পেয়ে অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে ফেরেন। অফিসপাড়া মতিঝিল থেকে মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, গাবতলীসহ অন্যান্য এলাকার বাসের সংখ্যা অন্য দিনগুলোর তুলনায় অনেক কম ছিল। একই অবস্থা ছিল রাজধানীর ফার্মগেট এলাকায়।প্রেসক্লাবের সামনে মিরপুরগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন আকরাম হোসেন। তিনি বলেন, প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করেও বাস পাননি। অপরদিকে দৈনিক বাংলা মোড়ে খিলগাঁওগামী কয়েকজন যাত্রী অনেকক্ষণ অপেক্ষা করে একটি মাইক্রোবাসে করে গন্তব্যে যান। শিকড় পরিবহনের বাসচালক মোতালেব বলেন, যানজট ও ভাঙচুরের আশঙ্কায় তাঁদের অনেকেই বাস চালাননি।সন্ধ্যায় সমাবেশ শেষ হওয়ার পর বাস চলাচল কিছুটা স্বাভাবিক হয়। চলাচল শুরু হলেও বাসগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। টিকিট কাউন্টারের সামনে ছিল যাত্রীদের দীর্ঘ লাইন।যাত্রীরা বলেন, সমাবেশ ঘিরে তাঁদের মাঝে আতঙ্ক ছিল। অনেকেই আগেভাগে কাজ শেষ করে ঘরে ফেরার চেষ্টা করেছেন। কিন্তু বাস চলাচল কম থাকায় তাঁরা তাড়াতাড়ি ঘরে ফিরতে পারেননি।