নৌমন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভা
সমুদ্র পরিবহন অধিদপ্তরের জনবল ও নিয়োগবিধি তৈরির তাগিদ
সমুদ্র পরিবহন অধিদপ্তরের পূর্ণাঙ্গ জনবল কাঠামো এবং নিয়োগবিধি তৈরি হওয়া জরুরি। দেশে চলমান নিবন্ধনকৃত প্রায় সাড়ে নয় হাজার নৌযানের জন্য অধিদপ্তরে পর্যাপ্ত জরিপকারক নেই। অভাব রয়েছে ম্যাজিস্ট্রেট, পরিদর্শকসহ অন্য কর্মকর্তারও। যার কারণে নৌদুর্ঘটনা এড়াতে কিংবা দুর্ঘটনা ঘটলে তা সামাল দিতে অধিদপ্তরকে বড় রকমের সমস্যায় পড়তে হয়। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিষয়টির প্রতি আলোকপাত করা হয়েছে। পূর্ণাঙ্গ জনবল কাঠামো ও নিয়োগবিধি তৈরির জন্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠনের সুপারিশ করেছে কমিটি। গঠিত কমিটি তিন মাসের মধ্যে প্রতিবেদন পেশ করবে। কমিটির সভাপতি নুর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য নৌমন্ত্রী শাজাহান খান, মজাহারুল হক প্রধান, গোলাম কিবরিয়া টিপু, হাবিবুন নাহার, শামসুল হক চৌধুরী, আবু জাহির এবং নজরুল ইসলাম চৌধুরী বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সভায় যোগ দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। এ ছাড়া নৌমন্ত্রণালয়, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি নুর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, সভায় পটুয়াখালী জেলার কুয়াকাটা অথবা বরগুনায় একটি জাহাজ নির্মাণশিল্প তৈরির বিষয়ে আলোচনা হয়। দুটি জেলায় একটি সমুদ্রবন্দর, ডকইয়ার্ড এবং জাহাজভাঙা শিল্প তৈরি করা যায় কি না, তা যাচাইয়ের জন্য চট্টগ্রাম বন্দরকে দায়িত্ব দেওয়া হয়। নুর-ই-আলম চৌধুরী জানান, এ লক্ষ্যে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদল পটুয়াখালীর সংশিষ্ট এলাকা পরিদর্শন করেছে। এরপর সেখানে সমুদ্রবন্দর, ডকইয়ার্ড এবং জাহাজভাঙা শিল্প গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দায়িত্বও দেয় স্থায়ী কমিটি।নুর-ই-আলম চৌধুরী আরও বলেন, পটুয়াখালীর প্রাকৃতিক পরিবেশ এবং জলবায়ুগত পরিস্থিতি বিবেচনা করে সেখানে জাহাজভাঙা শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তাভাবনা চলছে। তবে এ জন্য নদনদীর নাব্যতা বাড়াতে হবে। এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক মাসের মধ্যে এ বিষয়ে সম্ভাব্যতার প্রতিবেদন দেবে বলে তিনি জানান। এরপর উপযুক্ততা (ফিজিবিলি) যাচাইয়ের ব্যবস্থা করা হবে। পটুয়াখালীতে একটি সমুদ্রবন্দর নির্মাণেরও চিন্তাভাবনা চলছে। নুর-ই-আলম চৌধুরী জানান, বৈঠকে জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তার লক্ষ্যে একটি মাদার ট্যাংকার কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমানে ৪০ দিনের জ্বালানি মজুদ রাখার ব্যবস্থা আছে। কিন্তু জ্বালানির প্রয়োজনীয়তা এবং বিশ্ববাজারে এর দাম ওঠানামার বিষয়টি বিবেচনায় নিয়ে আরও মজুদ রাখা উচিত। এ জন্যই মাদার ট্যাংকার কেনার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।