বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হলো সমুদ্রবিজ্ঞান বিভাগের। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এই বিভাগের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সমুদ্রবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণা পরিচালনার লক্ষ্যে শিগগিরই কক্সবাজারে সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং গবেষণার উন্নয়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরীন আহমাদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এ এস এম মাকসুদ কামাল, সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. কাউসার আহম্মদ, জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান, ঢাকায় নিযুক্ত রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত প্রমুখ উপস্থিত ছিলেন।