সমুদ্রের গ্যাস ব্লক চুক্তির প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের দুটি ব্লকের গ্যাস উত্তোলনে মার্কিন কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সরকারের সই হওয়া চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ চুক্তির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে বিভিন্ন কর্মসূচিও পালন করেছে কিছু সংগঠন।কনোকোফিলিপসের সঙ্গে সম্পাদিত চুক্তিকে দেশের সার্বভৌমত্ব পরিপন্থী উল্লেখ করে আগামী ৩ জুলাই হরতাল পালনের ঘোষণা দেয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। হরতালের সমর্থনে গতকাল মিরপুর, পল্লবী, সদরঘাটসহ রাজধানীর বিভিন্ন স্থানে পদযাত্রা, সমাবেশ, গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেছে জাতীয় কমিটি। এসব কর্মসূচিতে কমিটির নেতারা বলেন, দেশের জনগণের গ্যাস সম্পদ লুট হয়ে যাচ্ছে। অতীতেও সরকার দেশের গ্যাস রপ্তানি করতে চেয়েছিল। ঐক্যবদ্ধ জনগণ তা প্রতিরোধ করে। এখন আবার গ্যাস রপ্তানির পাঁয়তারা চলছে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।এসব কর্মসূচিতে অংশ নেন কামরুল আহসান, সাইফুল হক, জোনায়েদ সাকী, খান আসাদুজ্জামান মাসুম প্রমুখ। আজ শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘর থেকে পদযাত্রা ও সমাবেশ করার ঘোষণা দেন তাঁরা।গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রউফ ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী গতকাল এক বিবৃতিতে সংসদকে পাশ কাটিয়ে কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি করায় উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, তেল-গ্যাসসহ দেশের সব প্রাকৃতিক সম্পদের মালিক দেশের মানুষ। কিন্তু রাষ্ট্রের ক্ষমতায় আসীন ব্যক্তিরা এই সম্পদ নিয়ে তুঘলকি কাণ্ড শুরু করেছে। এর পরিণাম হবে ভয়াবহ।সরকারের উচ্চমহল থেকে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির নেতাদের দেশপ্রেম নিয়ে যে অশালীন উক্তি করা হয়েছে, তাঁর নিন্দা ও প্রতিবাদ জানান গণফোরামের এ দুই নেতা।হরতালের সমর্থনে গতকাল রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, ইডেন কলেজ ও কমলাপুর রেলস্টেশন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেছে গণসংহতি আন্দোলন।