প্রকৃত মালিকানার ক্ষেত্রে দেশের গ্রামীণ এলাকায় নারীদের মালিকানায় ৪ শতাংশের বেশি সম্পত্তি নেই। পারিবারিক পর্যায়ে গ্রামীণ মুসলিম নারীদের ১৫ দশমিক ৮ শতাংশ সম্পত্তিতে মালিকানা থাকলেও প্রকৃত মালিকানার ক্ষেত্রে তা ৫ শতাংশের বেশি হবে না।
‘অ্যাসেসিং ইনহেরিটেন্স ল’জ অ্যান্ড দেয়ার ইমপ্যাক্ট অন রুরাল উইমেন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় সম্পত্তিতে নারীর মালিকানার ক্ষেত্রে এসব তথ্য দেওয়া হয়েছে। গবেষণায় প্রকৃত মালিকানা বলতে নারীর কাছে সম্পত্তির আইনি কাগজপত্র থাকতে হবে। নারীর মালিকানায় থাকা সম্পত্তির বিষয়ে নারী সিদ্ধান্ত নিতে পারবেন, বিক্রি করতে পারবেন এবং সম্পত্তির আয় অন্য কাজে ব্যবহার করতে পারবেন।
একই গবেষণায় বলা হয়েছে, গ্রামীণ মুসলিম নারীরা উত্তরাধিকার সূত্রে ৮৪ শতাংশ সম্পত্তির মালিক হলেও নিচ্ছেন মাত্র ৪৩ দশমিক ২ শতাংশ। অর্থাত্ বেশির ভাগ সম্পত্তি নারীরা ভোগ দখল করতে পারছেন না।
আজ বুধবার মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশনের (আইএলসি) উদ্যোগে আয়োজিত কর্মশালায় অর্থনীতিবিদ আবুল বারকাত গবেষণার বিভিন্ন তথ্য তুলে ধরেন। আইএলসির আর্থিক সহায়তায় এ গবেষণা করা হয়েছে।
বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের উত্তরাধিকার সম্পত্তিতে নারীদের অধিকার বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপনের জন্য আজ এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশের আদলে অন্যান্য দেশেও এ ধরনের গবেষণা করা হয়েছে।
দুই দিনব্যাপী কর্মশালায় চারটি দেশের গবেষক এবং বাংলাদেশসহ সাতটি দেশের প্রতিনিধিরা অংশ নেন। গবেষকেরা নিজ নিজ দেশের পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে গবেষকেরা গবেষণার ভিত্তিতে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।
কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন এএলআরডির চেয়ারপারসন খুশী কবির। স্বাগত বক্তব্য দেন এএলআরডির নির্বাহী পরিচালক শামছুল হুদা।
কর্মশালায় অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, নারী, অধিকার, সম্পত্তি ইত্যাদি শব্দ জড়িত থাকায় এ বিষয়গুলো নিয়ে সচেতনভাবেই বিভিন্ন দেশে গবেষণা কম হয়।
আবুল বারকাত বলেন, বাংলাদেশের মুসলিম নারীরা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে ভাগ চাইতে গেলে ‘গুড সিস্টার’ বলে ভুলিয়ে ভালিয়ে তা না দেওয়ার জন্য ভাইরা টালবাহানা করেন। পিতৃতান্ত্রিক চিন্তা-চেতনা থেকে নারীদের শেখানো হয়, ভালো বোনেরা ভাইদের সংসারের কথা চিন্তা করে এ সম্পত্তি নিতে চান না। এক্ষেত্রে ‘গুড ব্রাদার’ বলে কোনো শব্দ নেই। বেশির ভাগ নারী ভাইদের কাছ থেকে ভাগে পাওয়া জমিটুকু আনতে পারেন না। বাজারমূল্যের চেয়ে কম পরিমাণ টাকা দিয়ে নারীদের বিদায় করা হয়। জমি দিলেও অনুর্বর জমি দেওয়া হয়।
বাংলাদেশের গবেষণায় বলা হয়েছে, হিন্দু নারীদের সম্পত্তির মালিকানার ক্ষেত্রে অবস্থান সবচেয়ে খারাপ। চাকমা, সাঁওতাল এবং গারো নারীদের মধ্যে গারো নারীদের অবস্থান ভালো। তবে মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার জন্য তা সমাজে অন্য ধরনের বৈষম্যেরও তৈরি করছে।