সম্পত্তিতে নারীর সমান অধিকারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে। সংগঠনটি বলছে, সম্পত্তিসংশ্লিষ্ট প্রচলিত বৈষম্যমূলক আইন বাতিল করা না হলে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের নারী সবাই অধিকারবঞ্চিত হবেন। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে এ কথা বলা হয়। রাজধানীর বিয়াম মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভানেত্রী আয়েশা খানম বলেন, ‘তিউনিসিয়া, মরক্কো, ইরাক, ইরানসহ বিশ্বের অনেক মুসলিম দেশে নারীরা সম্পত্তিতে সমান অধিকার পাচ্ছে। আর বাংলাদেশে এখনো এই বৈষম্যমূলক আইন বহাল আছে। আইন মন্ত্রণালয় ছেলের অবর্তমানে মেয়ে যাতে ছেলের সমান সম্পত্তি পায় তা নিয়ে আইন করছে। আমরা বলেছি, ছেলে বর্তমান থাকলেও ছেলে-মেয়েকে সম্পত্তির সমান ভাগ দিতে হবে।’আয়েশা খানম আরও বলেন, বৈষম্যমূলক আইন বাতিল করা না হলে সর্বস্তরের নারী ভুগবে। দেশের প্রধানমন্ত্রীসহ শীর্ষস্থানীয় নারীনেত্রীদের সবাই বঞ্চিত হবেন। পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, কবি সুফিয়া কামাল বাংলাদেশ মহিলা পরিষদ গঠন করার মধ্য দিয়ে দেশে নারী আন্দোলনের সূচনা করেছিলেন। তিনি বলেন, বাংলাদেশে নারীরা অনেক এগিয়েছে। কিন্তু এখনো কৃষি খাতসহ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত কোটি কোটি নারী তাদের কাজের স্বীকৃতি পায় না। এখনো নারীরা সালিস, ফতোয়া, পাচারের শিকার হচ্ছে। মৌলবাদীরা এখনো নারীর অগ্রযাত্রা ব্যাহত করছে। সুসংগঠিত নারী আন্দোলনের মাধ্যমে এই বাধাগুলো পেরোতে হবে। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার স্বীকৃতি পাওয়া বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে বাংলাদেশ মহিলা পরিষদ সংবর্ধনা দেয়। এ ছাড়া তৃণমূলের নারীদের স্মরণে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানায় বাংলাদেশ মহিলা পরিষদের দিনাজপুর জেলা কমিটির সদস্য আদিবাসী নারী সুমিত্রা বেসরা ও বেলাবোর সাংগঠনিক সম্পাদক আনোয়ারা বেগমকে। অনুষ্ঠানে মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ ৪২তম প্রতিষ্ঠাবাির্ষিকীর ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে মহিলা পরিষদ সিডও সনদের ২ নম্বর এবং ১৬ (১) (গ) নম্বর ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহারের দাবি জানায়। সিডও সনদের এই দুটি ধারায় সব ধরনের বৈষম্যমূলক আইন প্রত্যাহার এবং বিয়ে ও তালাকে সমান অধিকারের কথা বলা হয়েছে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বৃদ্ধি করে এক-তৃতীয়াংশে উন্নীত ও সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম এবং প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক সীমা মোসলেম।১৯৭০ সালের ৪ এপ্রিল মুক্তিযুদ্ধের প্রস্তুতিকালীন বাংলাদেশ মহিলা পরিষদ আত্মপ্রকাশ করে। ‘বহু বৈচিত্র্যের সংস্কৃতি ধারণ করি, সমতার লক্ষ্যে জীবন গড়ি’—এ স্লোগান নিয়ে সংগঠনটি ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে।