সম্পূরক খাদ্য উৎপাদনে কেন নীতিমালা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পূরক খাদ্য ও পথ্যের জন্য বিধিবিধান প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। গতকাল সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। একই সঙ্গে সম্পূরক খাদ্য ও পথ্য উৎপাদন, আমদানি, বিক্রয় ও বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করতে বিশেষায়িত লাইসেন্সিং কর্তৃপক্ষ গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিব, বাণিজ্যসচিব, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহা-পরিচালক ও বিসিএসআইআরের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।সম্পূরক খাদ্য তৈরি, বিক্রয় ও বাজারজাতকরণের ক্ষেত্রে নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে গত রোববার রিট আবেদনটি করা হয়। জনস্বার্থে ডায়েটারি সাপ্লিমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে সম্পূরক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বস্টন ল্যাবস-এর স্বত্বাধিকারী শেখ মো. আলমগীর হোসেন আবেদনটি করেন। গতকাল প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুন্সি দারুল ইসলাম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সম্পূরক খাদ্য তৈরি, বিক্রয়, বিপণন ও বাজারজাতকরণের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। এটা তদারকি ও সনদ দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষও নেই। বিসিএসআইআর কিছু পণ্য উৎপাদন, বিপণনের জন্য লাইসেন্স দিচ্ছে। এ ক্ষেত্রে নীতিমালা না থাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ওষুধ প্রশাসনের ইন্ধনে আমদানিকারক ও উৎপাদনকারীদের অনেক ক্ষেত্রে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। রিট আবেদন থেকে জানা যায়, বাজারে বিভিন্ন সম্পূরক খাদ্য ও পথ্য পণ্য জনপ্রিয়তা পেয়ে আসছে। এর মধ্যে রয়েছে ওমেগা-৩-ফিশ অয়েল, ইভিনিং প্রিমরোজ অয়েল, চিরতা ক্যাপসুল, গার্লিক ক্যাপসুল, নাইজিলা ক্যাপসুল, পিরুলিনা ক্যাপসুল, ভিটামিন, মিরারেলস, অ্যামাইনো এসিড এবং হার্বস (তামাক ব্যতীত) ইত্যাদি। ট্যাবলেট, ক্যাপসুল ও সফটজিলাটিন ক্যাপসুল, লিকুইড আকারে বিক্রি হয়ে আসছে। সারা বিশ্বে এ বিষয়ে আইন আছে। কিন্তু বাংলাদেশে এ-সংক্রান্ত কোনো আইন নেই।