সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ৭৯ শতাংশ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ব্যাপক সাফল্য পেয়েছে। তবে অনেক অভিভাবক সময়মতো শিশুদের টিকা দেওয়ার ব্যাপারে এখনো উদাসীন। ইপিআইয়ের আওতায় এক বছর বয়সের নিচে যেসব টিকা দেওয়ার কথা সেগুলো দেওয়া হচ্ছে ১২ থেকে ২৩ মাসের মধ্যে। ইপিআইয়ের কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন। গত বুধবার প্রকাশিত সর্বশেষ ইপিআই কাভারেজ মূল্যায়ন জরিপে দেখা গেছে, দেশের ৭৯ দশমিক চার শতাংশ শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় এসেছে। আর ৯৩ শতাংশ শিশুকে ১২ থেকে ২৩ মাসের মধ্যে এসব টিকা দেওয়া হচ্ছে। এক বছরে নিয়মিত টিকা নেওয়া শিশুর হার চার শতাংশ বেড়েছে।মহাখালীতে অবস্থিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস মিলনায়তনে এই জরিপের ফল প্রকাশ করা হয়। ইপিআই, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় জরিপ পরিচালনা করেছে বেসরকারি প্রতিষ্ঠান নেলসন বাংলাদেশ।দেশের ৬৪টি জেলা ও ছয়টি সিটি করপোরেশনের প্রায় এক লাখ শিশুর ওপর জরিপটি চালানো হয়। তথ্য সংগ্রহ করা হয় টিকাদান কার্ড ও শিশুর মায়ের স্বাস্থ্যগত ইতিহাস থেকে।ইপিআই কর্মসূচির উপব্যবস্থাপক মো. জাহিদ হাসান বলেন, ৯৯ শতাংশ শিশুর কাছে তাঁরা যেতে পারেন। আর নির্ধারিত সময়ের পর হলেও টিকার আওতায় আসছে ৯৩ শতাংশ শিশু। জাহিদ হাসান বলেন, দুর্গম এলাকা, টিকা দেওয়ার ক্ষেত্রে কুসংস্কার আছে এমন পরিবার, যেসব পরিবারে শিশুর বাবা-মা দুজনই খুব ব্যস্ত এমন পরিবারের শিশুরা নির্ধারিত সময়ে টিকা পায় না।প্রতিবেদনে বলা হয়, রাজশাহী বিভাগে টিকা দেওয়ার হার সবচেয়ে বেশি (৮৩ শতাংশ)। আর সবচেয়ে কম সিলেট বিভাগে (৭৪ শতাংশ)।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান বলেন, যেসব চিকিৎসক এলাকায় থাকেন না তাদের বিরুদ্ধে সিভিল সার্জনদের ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্যসচিব মুহম্মদ হুমায়ুন কবির বলেন, বর্তমান ধারা ধরে রাখতে পারলে আগামী কয়েক বছরে শত ভাগ শিশুকে টিকার আওতায় আনা যাবে।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজউদ্দিন বলেন, ২০ শতাংশ শিশু এখনো টিকা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে কাজ করলে ঝরে পড়া দূর করা সম্ভব।