সম্মাননা পেল ঢাকার সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএসসি পরীক্ষা ২০১১ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০১২-তে ঢাকা বোর্ডের শীর্ষস্থানীয় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকা বোর্ডের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এ সম্মাননা দেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।অনুষ্ঠানে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেন। সাফল্যের পেছনে শ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার কথা তুলে ধরেন তাঁরা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কম, এটা সঠিক। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশই সমান সুযোগ দিতে পারেনি। তিনি বলেন, এইচএসসি পরীক্ষায় পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষার সুযোগ পাবে। সে ক্ষেত্রে নিজের মেধা দিয়েই পছন্দের জায়গাটি বেছে নিতে হবে। পাসের হার এত বাড়ছে কেন—প্রায়ই এমন প্রশ্নের মুখে পড়তে হয়। সে ক্ষেত্রে শিক্ষার মান বৃদ্ধি ও সৃজনশীল পদ্ধতিতে পাঠদানকেই কারণ হিসেবে দেখান তিনি। সভাপতির বক্তব্যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, শিক্ষায় নীরব বিপ্লব ঘটে গেছে। কমেছে ঝরে পড়ার সংখ্যা। সবার মধ্যে একাত্বতাবোধ কাজ করলে দেশকে বদলে দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে নটর ডেম কলেজের অধ্যক্ষ প্যাট্রিক ডি কস্তা বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান পিছিয়ে পড়ছে, তাদের শিক্ষার্থীরা কেন কম নম্বর পাচ্ছে, কেন অকৃতকার্য হচ্ছে, তা খুঁজে বের করতে হবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সমমর্যাদায় নিয়ে আসার জন্য কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান, সিটি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিন, ঢাকা কমার্স কলেজের সভাপতি অধ্যাপক শফিকুল আহমেদ, ঢাকা কলেজের অধ্যক্ষ আয়েশা বেগম প্রমুখ বক্তব্য দেন।