সম্মাননা পেলেন ১০ গরবিনী মা

সাদা গ্লাডিওলাস ও গোলাপে সাজানো মঞ্চ। বাজছে ‘মধুর আমার মায়ের হাসি’ গানটি। এর মধ্যেই হলঘরে সন্তানের হাত ধরে ঢুকছেন একজন করে গর্বিত মা। তাঁদের মুখে বিজয়ের হাসি।
গতকাল রোববার দুপুরে এমনটাই ছিল রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারের হলঘরের চিত্র। যাঁদের সন্তানকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারে—এমন ১০ জন মাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিশ্ব মা দিবস উপলক্ষে চতুর্থবারের মতো ‘গরবিনী মা’ শিরোনামের এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

সম্মাননাপ্রাপ্ত মায়েদের একজন রাশিদা চৌধুরী। তিনি সংগীতশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও পঞ্চমের মা। রাশিদা চৌধুরী বলেন, ‘শুধু নামকরা সন্তানের মা হলেই গরবিনী মা হওয়া যায় না। সন্তানকে ভালো মানুষ হতে হবে, মায়ের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।’
মায়ের স্বীকৃতির অনুভূতি জানাতে গিয়ে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী—দুই বোনই আবেগতাড়িত হয়ে পড়েন। সামিনা বলেন, ‘আমার মা একজন সংগ্রামী মা। কোনো কিছুর জন্যই তিনি কাঁদেননি, জয় করেছেন।’
সম্মাননাপ্রাপ্ত অপর মায়েরা হলেন শ্যামলী নাসরিন চৌধুরী, সাকেরা বেগম, রমা রায়, মোসা. মন্নুজান খাতুন, রানী হামিদ, স্নিগ্ধা চন্দ, শিরীন হায়াত, নমিতা চৌধুরী ও মোসা. জহুরা বেগম।
নমিতা চৌধুরী অভিনেতা চঞ্চল চৌধুরীর মা। চঞ্চল চৌধুরী বলেন, মায়ের এ সম্মাননা প্রাপ্তি তাঁর জীবনের সব অর্জনকে ছাপিয়ে গেছে। সঙ্গে তাঁর বাবা রাধাগোবিন্দ চৌধুরীও ছিলেন। স্ত্রী সম্মাননা পাওয়ায় তিনি গর্বিত। বলেন, ‘ও অনেক কষ্ট করে আট সন্তান মানুষ করেছে।’
মাকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই অশ্রু ফেলেছেন, আবার সন্তানের সঙ্গে মায়ের অম্লমধুর সম্পর্কও প্রকাশ পেয়েছে। তেমন হচ্ছে সাংবাদিক উৎপল শুভ্র ও তাঁর মা স্নিগ্ধা চন্দের সম্পর্ক। মা স্নিগ্ধা চন্দ বলেন, ছেলে প্রকৌশলী না হয়ে সাংবাদিক হওয়ায় তিনি আজ এ সম্মান পেয়েছেন। এর চেয়ে গর্বের কিছু নেই।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘পৃথিবীতে আসার জন্য মায়ের কাছে আমরা ঋণী। মায়ের ঋণ শোধ করা যায় না, শ্রদ্ধা আর যত্নের মাধ্যমেই কেবল তাঁর স্বীকৃতি দেওয়া যায়।’
অনুষ্ঠানে মায়েদের সম্মাননা ক্রেস্ট, মেডেল, সনদ ও উপহার দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, হাসপাতালের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তীসহ সম্মাননাপ্রাপ্ত মায়ের সন্তানেরা।
মা দিবস উপলক্ষে রাজধানীর ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ‘মাতৃ পদসেবা’ নামে এক ব্যতিক্রমী অনুষ্ঠান পালিত হয়। এতে শিক্ষার্থীরা প্রথমে মায়ের পা ধুয়ে দেয়। পরে নিজেদের তৈরি উপহার মায়ের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি সন্তানেরা মাকে বলে, ‘মা তোমাকে অনেক ভালোবাসি।’ অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বেনজীর আহমেদ ও কলেজের অধ্যক্ষ মারুফী খান বক্তব্য দেন।