অধ্যয়নের পাশাপাশি নৈতিক মূল্যবোধের দিকে গুরুত্ব দেয় হলিক্রস গার্লস হাইস্কুল। আর প্রকৃত মানুষ হয়ে ওঠার প্রচেষ্টায় এই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা একসঙ্গে কাজ করেন। সম্মিলিত এই প্রচেষ্টার জন্যই এত ভালো ফল পেয়েছে প্রতিষ্ঠানটি। এ বছর মাধ্যমিক পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে নবম স্থান অর্জন করেছে হলিক্রস গার্লস হাইস্কুল।এবার মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয়ের ২০৩ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ১৬২ জন। পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগে অংশ নেওয়া ১০৫ জনের সবাই জিপিএ পাঁচ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেওয়া ৬৪ জনের মধ্যে ৫২ জন জিপিএ পাঁচ পেয়েছে। মানবিক বিভাগে অংশ নিয়েছে ৩৪ জন। এর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে পাঁচজন।দুপুরে পরীক্ষার ফল প্রকাশের পরই বিদ্যালয়জুড়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। শিক্ষার্থীদের আনন্দে যোগ দেন অভিভাবক ও শিক্ষকেরাও। জিপিএ পাঁচ পাওয়া নুঝহাত আঞ্জুম প্রথম আলোকে বলে, ‘আমাদের কোনো প্রাইভেট পড়তে হয়নি। বিদ্যালয় থেকেই আমাদের যথেষ্ট যত্ন নেওয়া হয়েছে।’ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রানী ক্যাথরিন গমেজ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ফল এসেছে। প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের পড়ানো হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের নৈতিক গঠনের দিকে জোর দেওয়া হয়। যেন পড়াশোনার পাশাপাশি এসব শিক্ষার্থী পূর্ণাঙ্গ মানুষ হতে পারে।’