যেসব বখাটে মেয়েদের উত্ত্যক্ত করছে তারা ক্ষমতাবান। তবে তাদের সংখ্যা খুবই কম। প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষ যদি সম্মিলিতভাবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে ইভ টিজিং বা উত্ত্যক্ত করার ঘটনা রোধ করা সম্ভব। গতকাল মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট আয়োজিত ‘দূর করি পথের বাধা, মুক্ত করি নারীর চলাচল’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সবখানে প্রতিরোধমূলক মনোভাব ও জনমত সৃষ্টি করতে হবে। আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার সেমিনারে মূল প্রবন্ধ পড়ে শোনান। আলোচনায় অংশ নেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা নাসরীন প্রমুখ। বিজ্ঞপ্তি।