সময় কম দিয়ে কিছু ব্যক্তিকে সুবিধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের সহায়ক পাঠ্যবই অনুমোদনে পক্ষপাতিত্ব করার অভিযোগ করেছেন বঞ্চিত প্রকাশকেরা। তাঁরা বলেছেন, গুটিকয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বার্থে তড়িঘড়ি করে এসব বইয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ অবস্থায় তাঁরা অনুমোদন পাওয়া বইগুলোর বাজারজাতকরণ-প্রক্রিয়া স্থগিত রেখে সাত দিন সময় দিয়ে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে দাবি জানিয়েছেন।গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব দাবি করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি মো. আবু তাহের। তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে মাধ্যমিকের ১১টি বইয়ের অনুমোদনের জন্য ২৬ ডিসেম্বরের মধ্যে পাঠ্যপুস্তক (পাণ্ডুলিপি) জমা দিতে বলা হয়। পাঠ্যপুস্তক তৈরি ও মূল্যায়ন করে মাত্র আট দিনের মধ্যে জমা দেওয়া সম্ভব নয় জেনেও গুটিকয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বার্থে অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এই কাজ করা হয়েছে। এতে স্বনামধন্য প্রকাশকেরা অংশগ্রহণ করতে না পেরে ব্যবসায়িক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে ওই প্রকাশক নেতা দাবি করেন।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এই ঘটনার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও সহায়ক পাঠ্যবই অনুমোদনসংক্রান্ত স্বতন্ত্র পাঠ্যপুস্তক মূল্যায়ন কমিটির (আইটেক) কিছু কর্মকর্তা জড়িত আছেন। প্রকাশকদের অংশগ্রহণ নিশ্চিত করা না হলেও সম্মেলন থেকে আদালতে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়। সংবাদ সম্মেলনে প্রকাশকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবদুর রাজ্জাক, আবুল কালাম, শ্যামল পাল প্রমুখ।