নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার ও বিরোধী দলের আচরণে দেশ ধ্বংসের দিকে এগোচ্ছে। আমরা চাই যোগ্য সরকার এবং কার্যকর বিরোধী দল।’গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি রোধ এবং দুর্নীতিবাজদের শাস্তি দেওয়াসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালিত হয়। মান্না অভিযোগ করেন, ‘এই সরকারের আমলে ছয় বার বিদ্যুতের দাম বেড়েছে। কিন্তু ঢাকা শহরে লোডশেডিং চলছে। সারা দেশে এটা আরও বেশি। রেলের ভাড়া বেড়েছে; কিন্তু রেল স্টেশনে গিয়ে দেখুন কালকের টিকিট খুঁজে পাওয়া যাবে না। মানুষ পয়সা দিতে রাজি আছে, যদি সেবা পায়। কিন্তু পয়সা দিয়েও কাজ হয় না।’মান্না বলেন, ‘কয়েক দিন আগে এক মন্ত্রী বলেছেন, তাঁদের সরকারের মতো গণতান্ত্রিক সরকার নেই। কিন্তু নির্বাচনের মাধ্যমে জিতলেই গণতান্ত্রিক সরকার বলা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদসহ (ডাকসু) বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন হলো না।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন হলো না কেন? মানুষ মনে করছে এই সরকারের আমলে সম্ভবত নির্বাচন হবে না।’নাগরিক ঐক্যের উদ্দেশ্য তুলে ধরে মান্না বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল নই, কিন্তু রাজনীতির কথা বলি। আমরা ঘরেও কাজ করব, রাজপথেও কাজ করব।’মানববন্ধনে স্লোগান তোলা হয় ‘আওয়ামী লীগ ছাড়ো, বিএনপি ছাড়ো এবং গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলো।’মানববন্ধনে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক ঐক্য-সমর্থিত প্রার্থী হতে ইচ্ছুক ফারুক আজিজসহ কয়েকজন বক্তৃতা করেন।নাগরিক ঐক্যের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, ছাত্র সংসদগুলোর নির্বাচন, যানজট ও মশামুক্ত পরিচ্ছন্ন নগর, ব্যাংকসহ সর্বক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ভেজালমুক্ত খাদ্যের নিশ্চয়তা, নাগরিক অধিকার নিশ্চিত করা, চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গুম ও গুপ্ত হত্যার অবসান।