বস্তুনিষ্ঠ ও মানসম্পন্ন সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রিপোর্টারদের জন্য ইংরেজি বলা ও উচ্চারণ বিষয়ে আয়োজিত প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আর সে লক্ষ্যেই বর্তমান সরকার জাতীয় সংসদে তথ্য অধিকার আইন পাস করেছে। আইনটি বাস্তবায়নে প্রতিষ্ঠা করা হয়েছে তথ্য কমিশন। সাংবাদিকদের কল্যাণের কথা চিন্তা করে সরকার সাংবাদিক সহায়তা/অনুদান নীতিমালা ২০১২ প্রণয়ন করেছে। গঠন করা হয়েছে অষ্টম মজুরি বোর্ড। ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।