আইন থাকলেও ঢাকার আশপাশের খাসজমিগুলো রক্ষা করতে পারছে না সরকার। অবৈধভাবে এসব ভূমি বেসরকারি আবাসন উন্নয়ন সংস্থা (ডেভেলপার) ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখল করে নিচ্ছে। ভরাট করা হচ্ছে এসব এলাকার জলাশয়গুলো। এসব অবৈধ দখল পরিবেশের ক্ষতির পাশাপাশি পরিকল্পিত নগরায়ণে বাধা সৃষ্টি করছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে ‘ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনা এলাকায় খাসজমি বণ্টন: প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও অপ্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রক’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে গবেষকেরা এ তথ্য তুলে ধরেন। ‘রাষ্ট্র, চালিকাশক্তি এবং নগরের অপ্রাতিষ্ঠানিক চিত্র’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী দিনে এ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। বুয়েট, জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি ডর্টমুন্ড ও ইউনিভার্সিটি অব কলনের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।খাসজমি দখলবিষয়ক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক ফারজানা খাতুন ও শিক্ষার্থী অর্চি বিশ্বাস। এ বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত ইসলাম ছিলেন ওই গবেষণার তত্ত্বাবধায়ক।গবেষণা প্রতিবেদনে কেরানীগঞ্জ, সাভার, ডেমরা ও নারায়ণগঞ্জের একাংশের খাসজমির বর্তমান অবস্থা তুলে ধরা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, প্রাতিষ্ঠানিকভাবে এসব জমি সরকারি খাসজমি হলেও প্রকৃতপক্ষে এসব জমি সরকারি নিয়ন্ত্রণে নেই। এসব এলাকার খাসজমিগুলো অবৈধ দখলদারেরা দখল করে নিচ্ছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি আবাসন উন্নয়ন সংস্থাগুলো এসব ভূমি দখলে বেশ তত্পর। কেবল দখলই নয়, এসব আবাসন উন্নয়ন সংস্থা খাসজমিসংলগ্ন জলাশয়গুলোও ভরাট করে ফেলছে। এর ফলে পরিবেশের চরম ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে সুষ্ঠু নগর পরিকল্পনারও।ওই প্রতিবেদনে বলা হয়, খাসভূমি ব্যবস্থাপনায় নির্দিষ্ট নিয়মনীতি থাকলেও ঢাকার পার্শ্ববর্তী এসব এলাকায় কোনো নিয়মনীতি মানা হচ্ছে না। খাসজমি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর এসব সংস্থা ও ব্যক্তি প্রভাব বিস্তার করছে। সরকারের পক্ষ থেকে এ দখল বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান সারওয়ার জাহান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, বুয়েটের উপাচার্য এ এম এম সফিউল্লাহ।