রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রমজানের বন্ধে পঞ্চম শ্রেণীর সমাপনী ও অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষার্থীদের কোচিং করানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৫ দিনের কোচিং ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪০০ টাকা। অভিভাবকেরা অভিযোগ করেছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ছুটি শেষে অতিরিক্ত ক্লাসের জন্য যে টাকা নেওয়ার কথা ওই প্রতিষ্ঠানটি কোচিং ফি হিসেবে তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা নিচ্ছে।গতকাল মঙ্গলবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ কোচিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ২১ জুলাই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজপ্রধানদের মতবিনিময় সভায় অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পক্ষ থেকে কোচিং বন্ধের দাবি ওঠার পাঁচ দিন পরই এ সিদ্ধান্ত নেওয়া হলো। মন্ত্রণালয়ের এ সভায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমও উপস্থিত ছিলেন।জিয়াউল কবির নামের একজন অভিভাবক অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি শেষে বাড়তি ক্লাসের জন্য ১৭৫ টাকা নেওয়ার কথা। তিনি সরকার নির্ধারিত ফি মানতে প্রয়োজনীয় নির্দেশ দাবি করেন। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, পরিচালনা পর্ষদ ও বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান খোলার সময় একজন শিক্ষক ক্লাস ছুটি শেষে বাড়তি ক্লাস নিলে ১৭৫ টাকা পাবেন। কিন্তু এখানে পুরো প্রতিষ্ঠান বন্ধের মধ্যে কোচিং করানো হবে। যাত্রাবাড়ী কিংবা দূর থেকে একজন শিক্ষকের যাতায়াত খরচ ২০০ টাকা লেগে যায়। তা ছাড়া রোজার সময় শিক্ষকেরা আসতে চান না। তাই তাঁদের বুঝিয়ে আনতে হচ্ছে। তিনি বলেন, ‘বাইরে প্রাইভেট পড়লে বিষয়প্রতি ৮০০ থেকে এক হাজার টাকা লাগে। তাও সপ্তাহে দুই দিন পড়ানো হয়।’