সরকার পতনে ছাত্রলীগ ও যুবলীগের সাহায্য চাইলেন মওদুদ
সরকার পতনে ছাত্রলীগ ও যুবলীগের সহায়তা চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি মনে করেন, যত দিন ছাত্রলীগ ও যুবলীগ আছে, তত দিন সরকার পতনের জন্য বিএনপির চিন্তার কোনো কারণ নেই। গতকাল জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ইয়ুথ ফোরাম আয়োজিত ‘অরক্ষিত সীমান্ত: বিজাতীয় আগ্রাসন ও স্বাধীনতাপ্রিয়দের করণীয়’ শীর্ষক আলোচনায় মওদুদ আহমদ এসব মন্তব্য করেন। মওদুদ আহমদ বলেন, ‘যত দিন ছাত্রলীগ ও যুবলীগ আছে, তত দিন সরকার পতনের জন্য বিএনপির চিন্তার কোনো কারণ নেই। ছাত্রলীগ ও যুবলীগই এই সরকারের পতন ঘটাবে। তাই ওদের আমি বলব, তোরা চালিয়ে যা; তোদেরকে তোদের নেত্রী নিয়ন্ত্রণ করতে পারবে না। নিয়ন্ত্রণ করবেও না। তোরা চালিয়ে যা; সরকার পতনের জন্য আমাদের তো আর কিছুই করতে হবে না। তোরা যা করছিস এতেই সরকারের পতন নিশ্চিত। ’মওদুদ বলেন, সরকারের পায়ের নিচের মাটি যে এত তাড়াতাড়ি সরে যাবে, এটি আগে বোঝা যায়নি। গত ১০ বছরে ঢাকা বারে বিএনপি জয়লাভ করতে পারেনি। কিন্তু এবার ঢাকা, নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় জয়লাভ করেছে। সরকার জিয়ার একটি নামফলক নামিয়ে ফেলেছে, এতে এক কোটি ভোট কমে গেছে। আর সরকার বিদ্যুৎ, পানি, গ্যাসসহ দেশের প্রধান সংকট সমাধান না করে এই নাম মুছে ফেলাকেই অগ্রাধিকার দিচ্ছে। এতে আগামী নির্বাচনে বিএনপির বিজয় এখনই নিশ্চিত হয়ে গেছে।বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘দেশের প্রকৃত অবস্থা প্রধানমন্ত্রী কিছুই জানেন না। কারণ, ওনার কাছে যাঁরা আছেন, তাঁরা সবাই ওনাকে একটা কথাই বলেন—‘আপা (প্রধানমন্ত্রী) আপনার জনপ্রিয়তা এখন তুঙ্গে। আপনি যা করছেন তা অত্যন্ত ভালো কাজ করছেন। আমি এ জন্যই এই পরিস্থিতি বুঝি। কারণ, আমিও এর আগে এই পরিস্থিতি দেখেছি। আমাদের সময়ও একই অবস্থা হয়েছিল। আমি নিজেও প্রধানমন্ত্রী ছিলাম; তখন আমাকেও এই তোষামোদ করেছে।’ মওদুদ মনে করেন, সরকার আইনশৃঙ্খলা আর নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা, এতে তারা নিজেরাই জড়িত। জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের খেলা অনেক দিন চলবে। এই বিচার সবাই চায়। এতে শুধু নিজামী নয়, আওয়ামী লীগের যাঁরা জড়িত, তাঁদেরও কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ বক্তারা বলেন, সবাই যুদ্ধাপরাধের বিচার চায়; তবে যুদ্ধাপরাধের নামে যেন নৈরাজ্য না হয়।সাবেক মন্ত্রী টি এম গিয়াসউদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেখ শওকত হোসেন, মোস্তফা কামাল মজুমদার, শামা ওবায়েদ প্রমুখ। সভা পরিচালনা করেন ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান।