সরকার বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী নামিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ, পানি ও গ্যাসের দাবিতে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। শিগগিরই তা গণবিস্ফোরণে রূপ নেবে। সরকার সমস্যার মূলে না গিয়ে এই বিস্ফোরণ দমন করতে রাস্তায় সেনাবাহিনী নামিয়েছে। গতকাল বৃহস্পতিবার পুরানা পল্টনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা এ কথা বলেন। তা ছাড়া পানি, বিদ্যুৎ ও গ্যাস-সংকট নিরসনের দাবি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১৮ এপ্রিল মুক্তাঙ্গনে মিছিল-সমাবেশ করার ঘোষণা দিয়েছেন নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোর্চার সমন্বয়ক আবদুস সালাম। তিনি বলেন, পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলোতে নিয়মিত ওভারহোলিং না করায় সেগুলো বয়সের ভারে কার্যক্ষমতা হারাচ্ছে। এ কারণে এসব বিদ্যুৎকেন্দ্রে প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। তিনি বলেন, গত বছরের এই সময়ে প্রতিদিন গ্যাস উৎপাদন ছিল ২০০ কোটি ঘনফুট। এ বছর তা কমে ১৯০ কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। অন্যদিকে প্রতি বছর গ্যাসের চাহিদা সাত শতাংশ হারে বাড়ছে। এ কারণে শিল্প কারখানা, ফিলিং স্টেশন, বিদ্যুৎ উৎপাদন, সার উৎপাদন সবই ব্যাহত হচ্ছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, পানি, বিদ্যুৎ ও গ্যাস সমস্যায় দেশের মানুষ দিশেহারা। কিন্তু সরকার সেদিকে নজর দিচ্ছে না। বরং বিক্ষোভ দমনের উদ্দেশ্যে কৌশলে সেনাবাহিনী নামিয়েছে। জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস বলেন, কয়লা দিয়ে ১২ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ছোট ছোট প্লান্ট করা গেলে বিদ্যুতের ঘাটতি থাকবে না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাবর বিশ্বাস, বজলুর রশীদ, রাজেকুজ্জামান রতন প্রমুখ।