সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অস্বীকার করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সরকার অস্বীকার করছে—এমন অভিযোগ করে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) এ প্রবণতা থেকে বের হয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সংগঠনটি মানবাধিকারজনিত সমস্যাগুলো সমাধানে জোর দিতে সরকারকে পরামর্শ দিয়েছে।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় জাতিসংঘের মানবাধিকার কমিটির সমাপনী পর্যবেক্ষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
এ বছরের মার্চে জেনেভায় ইন্টারন্যাশনাল কভনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের (আইসিসিপি) সভায় বাংলাদেশে নাগরিক ও রাজনৈতিক অধিকার-সম্পর্কিত আন্তর্জাতিক সনদের ধারাগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ওই সভায় আইনমন্ত্রী আনিসুল হক বিভিন্ন মানবাধিকার ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেন। জেনেভার সভায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যু, মতপ্রকাশের স্বাধীনতা, মৃত্যুদণ্ড, কারাগার পরিস্থিতি, জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালীকরণ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, লিঙ্গ-ধর্ম-জাতি ও গোষ্ঠীগত বৈষম্য, বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
গতকালের সংবাদ সম্মেলনে নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ কমিটিকে দেওয়া সরকারের ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, ‘জেনেভার অধিবেশনে আইনমন্ত্রী বলেছেন, দেশে আদিবাসী বলে কিছু নেই। কিন্তু ওদের লড়াইটা তো আমরা দেখছি। সরকার বাল্যবিবাহের হার সম্পর্কে যে তথ্য দিয়েছে, তা কমিটির কাছে গ্রহণযোগ্য হয়নি। নির্বাচন, গুম নিয়েও সরকারের ব্যাখ্যা নিয়ে কমিটি প্রশ্ন তুলেছে। সুপারিশ দিয়েছে। এগুলোর দ্রুত বাস্তবায়ন দরকার।’
স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও অন্যান্য দেশি-বিদেশি সংস্থার পর্যবেক্ষণ ও সুপারিশগুলো প্রায় একই রকম।
অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক শিপা হাফিজা, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক সারা হোসেন প্রমুখ বক্তব্য দেন।