সরকার 'পকেটমারের' ভূমিকা পালন করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, তেলের দাম তিন গুণ বৃদ্ধি করেও সরকার সন্তুষ্ট নয়। বরং রেলের ভাড়া ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে সরকার কার্যত ‘পকেটমারের’ ভূমিকা পালন করছে। দলটি আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের দাম সমন্বয় করে রেলের ভাড়া ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
রেলের ভাড়া ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার রেলওয়েতে লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছে। রেলের ভাড়া ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে তারা কার্যত মানুষের শেষ সম্বলটুকুও হাতিয়ে নিতে চায়। তিনি বলেন, মাত্র এক বছর আগে রেলের ভাড়া বৃদ্ধির পর আবারও এই বৃদ্ধির প্রস্তাবে বোঝা যায়, লুটপাটের বিষয়ে সরকার কতটা বেপরোয়া হয়ে উঠেছে।
সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আবুল হাসান, ফিরোজ আহমেদ, বাচ্চু ভূঁইয়া, তাসলিমা আখতার, জুলহাস নাইন, ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক প্রমুখ।