সরকারকে এক সপ্তাহের সময় দিয়েছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিজিওথেরাপি কলেজ ভবনের জন্য নির্ধারিত স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও কলেজ ভবন নির্মাণের কাজ শুরু করতে সরকারকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন ও ফিজিওথেরাপির শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এবং শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। তাঁরা বলেন, এ সময়ের মধ্যে দাবি মানা না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ফিজিওথেরাপি কলেজ ভবন নির্মাণে প্রধান বাধা হচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কলেজ ভবনের জন্য নির্ধারিত স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদে সব ধরনের প্রস্তুতি থাকার পরও তাঁর অনীহার কারণে এসব উচ্ছেদ করা হচ্ছে না। তা ছাড়া অধিদপ্তরের মহাপরিচালক চান না কলেজের ভবন নির্মাণ করা হোক। শিক্ষার্থীরা জানান, গত ২১ জুন থেকে শহীদ মিনারে আমরণ অনশন শুরু করলে ২৯ জুন স্বাস্থ্যমন্ত্রী কলেজের ভবন নির্মাণের বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। এ জন্য ১৪ দিনের সময় নেন তিনি। কিন্তু এক মাস পার হয়ে গেলেও স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন দেখা যায়নি। গত শুক্রবার রাত নয়টায় স্বাস্থ্যমন্ত্রীর বাসায় গিয়ে দেখা করলেও কবে ভবনের নির্মাণকাজ শুরু হবে, সে বিষয়ে তিনি শিক্ষার্থীদের কোনো সদুত্তর দিতে পারেননি। সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মোহাম্মদ বখতিয়ার।