একদিকে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের অপচেষ্টা চলছে, অন্যদিকে কিছু বুদ্ধিজীবী রোহিঙ্গা ইস্যুতে সরকারকে কাঠগড়ায় ওঠানোর চেষ্টা করছেন। বুদ্ধিজীবীদের অনেকের মধ্যে এমন প্রবণতা দেখা যাচ্ছে।গতকাল শনিবার ‘বাংলাদেশে রোহিঙ্গা: অর্থনৈতিক উদ্বাস্তু না আশ্রয়প্রার্থী’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই অভিযোগ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওই আলোচনার আয়োজন করে। এতে বক্তাদের বেশির ভাগ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পক্ষে মত দিলেও এর বিপক্ষে যুক্তি তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান।মিজানুর রহমান বলেন, ‘মানবিক বিবেচনায় তাদের ঢুকতে না দেওয়ায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে। কিন্তু বাস্তবতাও মাথায় রাখতে হবে। আমি কি পারব সব বাস্তবতা তুড়ি মেরে উড়িয়ে দিতে?’রোহিঙ্গাদের ছবি নিয়ে চিত্র প্রদর্শনীরও আয়োজন ছিল অনুষ্ঠানে। সেদিকে ইঙ্গিত করে মিজানুর রহমান বলেন, ‘এমন চিত্র প্রদর্শনী আমাদের আবেগাপ্লুত করে। কমিশনে আসুন, আমাদের বাঙালি ভাইবোনদের আরও করুণ ছবি দেখাব।’ সম্প্রতি রামুতে বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় এই রোহিঙ্গাদের ব্যবহার করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।মূল প্রবন্ধে রামরুর সমন্বয়ক সি আর আবরার বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য শুধু নৈতিক দায়িত্ব নয়; আন্তর্জাতিক আইনে এ নিয়ে বাধ্যবাধকতাও আছে।’ সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ বলেন, রোহিঙ্গা ইস্যুতে জনগণের ভাবনার সঙ্গে সরকারের পদক্ষেপ মিলছে না। সবাই চায়, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হোক।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, সমস্যা সমাধানের ক্ষেত্রে মানবিকতা মূল বিষয় হওয়া উচিত। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় অন্ধের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অন্যদের মধ্যে মানবাধিকার কর্মী হামিদা হোসেন, আইনজীবী শাহ্দীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ আলোচনায় অংশ নেন।