দেশে টিকা উত্পাদনে সম্ভাব্যতা যাচাই বিষয়ে সরকারকে মূল্যায়ন প্রতিবেদন দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। প্রতিবেদনে টিকা উত্পাদনে সরকারকে দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে ওই সংস্থা।গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেমিনারকক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হককে এ প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দৃঢ় অঙ্গীকার ও দিকনির্দেশনা থাকায় বাংলাদেশ স্বল্পতম সময়ের মধ্যে টিকা উত্পাদনে যেতে পারবে বলে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা আশা করেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, সরকার ওষুধ উত্পাদন ও রপ্তানি খাতের উন্নয়ন এবং মানসম্মত ওষুধ উত্পাদনে খুবই আন্তরিক। টিকা ও ওষুধ উত্পাদনে মান বজায় রাখার জন্য সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দুয়াংভাদি সাঙ্খোবল, স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলী, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ূম, বাংলাদেশে টিকা উত্পাদন বিষয়ে গঠিত বিশ্বস্বাস্থ্য সংস্থার মিশনপ্রধান অরুণ বি থাপা প্রমুখ। বিজ্ঞপ্তি।