সরকারপন্থী শিক্ষকেরা বিভক্ত, জাতীয়তাবাদীরা একজোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কলেজশিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সরকার ঘরানার শিক্ষকেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। দ্বিধাবিভক্ত দুই পক্ষ আলাদা প্যানেল ঘোষণা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে জাতীয়তাবাদী ঘরানার শিক্ষকেরা এককাট্টা হয়ে একটি প্যানেলে নির্বাচন করছেন।শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কেউ কেউ সরকার-সমর্থকদের দুই পক্ষে নিজেদের জড়িয়ে ফেলেছেন। ফলে এবার সরকারি কলেজশিক্ষকদের রাজনীতি বেশ সরগরম। সারা দেশের সরকারি কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে চলছে তুমুল প্রচারণা। বিভিন্ন জায়গায় ব্যানার-পোস্টার লাগানো হয়েছে। শিক্ষকেরা কাজ ফেলে প্রচারণা চালাচ্ছেন।প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারি শিক্ষকদের সরাসরি রাজনীতি করার সুযোগ না থাকলেও শিক্ষকেরা এখন অনেকটা প্রকাশ্যেই ‘সরকারি দল’ ও ‘বিরোধী দল’ হিসেবে পরিচিতি পেয়েছেন।২০ আগস্ট সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট পদ ১২৩টি। এবার ভোটার হয়েছেন ১০ হাজার ৩০০ জন। পেশাজীবী সংগঠনের মধ্যে এটি অন্যতম।এত দিন দুটি প্যানেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল। এর মধ্যে একটি ‘মূলধারা’ প্যানেল ও আরেকটি মূলধারার বাইরের প্যানেল হিসেবে পরিচিত। সমিতির বর্তমান নেতৃত্বই ‘মূলধারা’ হিসেবে পরিচিত। এই প্যানেলের অনেকেই সরকার-সমর্থক। এবার ‘মূলধারা’ প্যানেলের সভাপতি প্রার্থী হয়েছেন সমিতির বর্তমান সহসভাপতি মাসুমে রব্বানী খান ও মহাসচিব হিসেবে লড়ছেন সমিতির সাবেক মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার। এই প্যানেলের বক্তব্য হলো, তাদের অবস্থান সুবিধাবাদ ও সমিতিকে রাজনীতিকরণের বিপক্ষে।শিক্ষকেরা জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সমিতির বর্তমান সভাপতি ফাহিমা খাতুন এই প্যানেলকে সমর্থন দিচ্ছে। এ ছাড়া বিভিন্ন পদে থাকা পরিচিত বেশ কয়েকজন এই প্যানেলের পেছনে আছেন।অন্যদিকে সরকার-সমর্থক শিক্ষকদের আরেকটি প্যানেলে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ এস এম শফিকুল ইসলাম ও মহাসচিব হিসেবে আছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক (সহযোগী অধ্যাপক) মো. শাহেদুল খবির চৌধুরী। এই প্যানেলের সমর্থকেরা বলছেন, সমিতিতে দীর্ঘদিন ধরে চলে আসা একই ধরনের নেতৃত্বের পরিবর্তন চান তাঁরা।সমিতির সূত্রগুলো বলছে, শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব ও সহকারী অধ্যাপক মন্মথ রঞ্জন বাড়ৈসহ পরিচিত কয়েকজন এই প্যানেলের হয়ে কাজ করছেন। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালকদের মধ্যে কেউ কেউ এ প্যানেলের হয়ে কাজ করছেন। ঈদের আগে একজন পরিচালককে তাঁর নিজ দপ্তরে বসেই মুঠোফোনে এই প্যানেলের জন্য ভোট চাইতে দেখা গেছে।সমিতির সূত্রগুলো বলছে, বিসিএসের বিভিন্ন ব্যাচভিত্তিক ফোরাম গঠন নিয়ে সমিতির মধ্যে দ্বিধাবিভক্তির শুরু। ফোরামের নেতারা দাবি তোলেন, ফোরামের মতামত নিয়ে সমিতির নির্বাচনে প্রার্থী দিতে হবে। এরপর সরকার-সমর্থক শিক্ষকদের মধ্যে পদোন্নতি, পদায়নসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েও দ্বন্দ্ব বাড়তে থাকে। এর মধ্যে সমিতির সভাপতি ফাহিমা খাতুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর মাউশির বেশ কয়েকজন পরিচিত কর্মকর্তাকে অন্যত্র বদলি করেন। এরপর কোনো কোনো কর্মকর্তা পদোন্নতিও পাননি। কিন্তু এই বিষয়গুলোকেও তাঁরা সমিতির রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলেন। এভাবে বিভিন্ন বিষয় নিয়ে সরকার-সমর্থক শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব বাড়তে বাড়তে এখন আলাদাভাবে নির্বাচন করছেন। ফলে জয় নিয়ে তাঁদের মধ্যে শঙ্কা কাজ করছে।এ বিষয়ে মূলধারা প্যানেলের সভাপতি প্রার্থী মাসুমে রব্বানী খান প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করি, শিক্ষকেরা জানেন কারা শিক্ষকদের জন্য কাজ করেছেন এবং করছেন। আশা করি তাঁরা সেই চিন্তা থেকেই ভোট দেবেন। অন্য প্যানেল হলেও কোনো সমস্যা হবে বলে মনে করি না। আমাদের অবস্থান সুবিধাবাদ ও সমিতিকে রাজনীতিকরণের বিপক্ষে।’সরকার-সমর্থকদের আরেক প্যানেলের মহাসচিব প্রার্থী মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, সমিতির বর্তমান নেতৃত্ব দাবি-দাওয়া পূরণে শিক্ষকদের আশার প্রতিফলন ঘটাতে পারেনি। আর ঘুরেফিরে সমিতিতে একই নেতৃত্ব চলে আসছে। শিক্ষকেরা চান নেতৃত্বের পরিবর্তন। এ জন্যই তাঁরা আলাদা প্যানেলে নির্বাচন করছেন।অন্যদিকে জাতীয়তাবাদী ঘরানার হিসেবে পরিচিত প্যানেলের সভাপতি হলেন বিএনপির প্রভাবশালী এক নেতা ও সাবেক মন্ত্রীর আত্মীয় নাসরিন বেগম ও মহাসচিব হলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহকারী একান্ত সচিব খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এই প্যানেলের বেশির ভাগ প্রার্থীই ঢাকার বাইরের কলেজের শিক্ষক। জাতীয়তাবাদী ঘরানার হওয়ায় তাঁদের ঢাকার বাইরে পদায়ন করা হয় বলে অভিযোগ আছে। বিএনপি ক্ষমতায় আসতে পারলে তাঁদের ভালো ভালো পদে পদায়নের আশ্বাস দেওয়া হচ্ছে।