সরকারি অটিস্টিক স্কুল চালু হচ্ছে ১৬ অক্টোবর
সরকার অটিস্টিক শিশুদের জন্য প্রথমবারের মতো একটি স্কুল চালু করছে। এতে শিশুরা বিনা বেতনে পড়ার সুযোগ পাবে। ১৬ অক্টোবর ১০ জন অটিস্টিক শিশু নিয়ে স্কুলটি যাত্রা শুরু করবে।মিরপুর ১৪ নম্বরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের অব্যবহূত কয়েকটি কক্ষে আপাতত স্কুলের কার্যক্রম চলবে। পরবর্তী সময়ে আলাদা একটি ভবনে পুরোদমে স্কুলটি চালু করা হবে বলে জানালেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. নুরুল কবীর।নুরুল কবীর বলেন, অটিস্টিক সন্তান নিয়ে অভিভাবকেরা চিন্তিত। এসব শিশুর জন্য হাতেগোনা যে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোয় ভর্তি করা অনেক খরচের ব্যাপার। মাসে কয়েক হাজার টাকা শুধু বেতন বাবদই গুনতে হয়। এর বাইরে যাতায়াতসহ অন্য খরচ তো আছেই। সরকার স্বল্প পরিসরে দরিদ্র পরিবারের অটিস্টিক শিশুদের জন্য এ কার্যক্রম হাতে নিয়েছে।ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বর্তমানে বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের অটিজম বিষয়ে আলাদা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া শিশুদের দেখাশোনার জন্য লোক নিয়োগের প্রক্রিয়া চলছে।আজ প্রতিবন্ধী শিশুদের দিন: আজ মঙ্গলবার, শিশু অধিকার সপ্তাহের মধ্যে আজকের দিনটি শুধু প্রতিবন্ধী শিশুদের জন্য। বাংলাদেশ শিশু একাডেমী ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম যৌথভাবে প্রতিবন্ধী শিশুদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। শিশু একাডেমী প্রাঙ্গণে সকাল ১০টায় প্রতিবন্ধী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের নিয়ে ‘প্রতিবন্ধী শিশুদের অধিকার’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সবশেষে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩ অক্টোবর থেকে শিশু অধিকার সপ্তাহ পালন করা হচ্ছে।