বইয়ের প্রকাশনায় প্রধান বিচারপতি
সরকারি অর্থ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ ব্যাহত হলে দুর্নীতির সুযোগ হয়
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সর্বস্তরে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। সরকারি অর্থ ব্যবস্থাপনায় কার্যকর নিয়ন্ত্রণ ব্যাহত হলে আর্থিক অনিয়ম ও দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়। গতকাল সোমবার বিকেলে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট: দ্য রোল অব সুপ্রিম অডিট ইনস্টিটিউশন (এসএআই) অব বাংলাদেশ—ইস্যুজ অ্যান্ড চ্যালেঞ্জেস গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করা হয় রাজধানীর অডিট ভবনের এফ কে এম এ বাকী মিলনায়তনে। মো. মোজাম্মেল হোসেন বলেন, দুর্নীতি সুশাসনকে দুর্বল করে এবং জাতীয় সম্পদের অসম বণ্টনের ব্যবস্থা করে। এতে একদিকে যেমন জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়, তেমনি সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়। বইয়ের রচয়িতা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আহমেদ আতাউল হাকিম বলেন, কর্মজীবনে সরকারি অর্থ ব্যবস্থাপনা, বিশেষত নিরীক্ষা ও হিসাবসংক্রান্ত বিষয়ের ওপর প্রকাশনার অভাব তাঁকে ব্যথিত করেছে। নিজের ভেতরকার তাগিদ ও কর্তব্যবোধ থেকে তিনি বইটি লিখেছেন। বইয়ের নানা দিক তুলে ধরেন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মো. মোহাতার হোসাইন। পরে মুক্ত আলোচনা হয়। এতে অংশ নেন অডিট অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম জসীমউদ্দিন প্রমুখ।