সরকারি ও বেসরকারি চিকিৎসকদের কাজের সমন্বয় করবে সরকার
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, সরকারি ও বেসরকারি চিকিৎসকদের কাজের সমন্বয় করে সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় বেসরকারি চিকিৎসকদের কার্যকরভাবে কাজে লাগানোর দিকে বিশেষ নজর দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমপিএ) নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। বিপিএমপিএ ওই অনুষ্ঠানের আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি চিকিৎসকেরা দেশে চিকিৎসাসেবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে তাঁরা গুরুত্বপূর্ণ কাজ করছেন। বিপিএমপিএর সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত প্রতিনিধি ফ্র্যাঙ্ক পলিন, বিপিএমপিএর মহাসচিব জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।