সরকারি ওষুধ বিক্রির অভিযোগে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হাসপাতালের ওষুধ বিক্রি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশের ওষুধের মার্কেটে অভিযান চালিয়ে বিক্রি-নিষিদ্ধ সরকারি ওষুধসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিবি সূত্র জানায়, মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মিটফোর্ড হাসপাতালের পাশের ওষুধের মার্কেটে অভিযান চালায়। ডিবি পুলিশ তিনটি ওষুধের দোকান থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ফজলুল হক (৩২), ফজলে হোসেন (৫৬) ও মেহেদী হাসান। ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাসিরউদ্দিন খান জানান, উদ্ধার হওয়া বেশির ভাগ ট্যাবলেট, ইনজেকশন, ক্যাপসুল ও সিরাপ এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের। ওষুধের গায়ে লেখা রয়েছে ‘সরকারি সম্পত্তি, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়’। এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করা হয়েছে।