সরকারি কর্মকর্তাদের তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রতিষ্ঠানগুলোতে তথ্য প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এখনো তথ্য অধিকার আইন সম্বন্ধে ভালো করে জানেন না। এমনকি তাঁরা এটি ভালো করে পড়েননি। এ কারণেই মানুষ চাহিদামতো তথ্য পাচ্ছে না।গতকাল শনিবার তথ্য অধিকার চর্চা: ব্যবহারিক নির্দেশিকা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকেরা এ অভিযোগ করেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের (সিএইচআরআই) সহযোগিতায় বেসরকারি প্রতিষ্ঠান নাগরিক উদ্যোগ এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান বলেন, ‘দেশে বহু কোল্ড স্টোরেজ আছে, কিন্তু সচিবালয়ের মতো বড় কোল্ড স্টোরেজ আর নেই। একবার যা সেখানে ঢোকে, তা আর বের হয় না।’ তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, মাঠপর্যায়ে তথ্য অধিকার আইনকে জনপ্রিয় করে তোলার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। এ জন্য শক্তিশালী স্থানীয় প্রশাসনের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আর্টিকেল-১৯-এর কান্ট্রি ডিরেক্টর তাহমিনা রহমান, সিএইচ-আরআইয়ের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা সোহিনি পাল, তথ্য অধিকার আন্দোলনের সমন্বয়ক অমিত রঞ্জন দে প্রমুখ।আলোচনার শুরুতে অধ্যাপক সাদেকা হালিম বইটির মোড়ক উন্মোচন করেন। কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের সহযোগিতায় নাগরিক উদ্যোগ বইটি প্রকাশ করেছে।