সরকারি কলেজ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের চাকরি জাতীয়করণের দাবি
সরকারি কলেজের জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খাদিমদের চাকরি জাতীয়করণসহ ৬ দফা দাবি জানানো হয়েছে।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘এসডিজি বাস্তবায়নে ধর্মীয় নেতাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা থেকে এই দাবি জানানো হয়। বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ আলোচনা সভার আয়োজন করে।
ইমাম-মুয়াজ্জিনদের দাবির প্রতি সম্মতি জানিয়ে সভার প্রধান আলোচক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমি যতটুকু জানি, তিনি জনগণের উন্নয়নে তাদের দাবি বাস্তবায়নে পিছপা হন না। তিনি কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন। নিশ্চয়ই তিনি এই দাবিও পূরণ করবেন।’
ঐক্য পরিষদের দাবিগুলো হলো দেশের সাড়ে তিন শ সরকারি কলেজ জামে মসজিদের সাড়ে পাঁচ শ ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ করা। ইমামদের প্রথম শ্রেণির নন–ক্যাডার কর্মকর্তা, মুয়াজ্জিনদের তৃতীয় শ্রেণি ও খাদিমদের চতুর্থ শ্রেণির পদমর্যাদা দান। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালাকে সংশোধন-পরিমার্জন করে যুগোপযোগী তথা সার্ভিস নীতিমালা প্রণয়ন। ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। যেকোনো দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ইমাম-মুয়াজ্জিনদের পরিবারের জন্য নগদ ১০ লাখ টাকা আর্থিক অনুদানের ব্যবস্থা করা। ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের জন্য দেশি-বিদেশি অনুদান সংগ্রহের মাধ্যমে তহবিল পাঁচ শ কোটি টাকায় উন্নতি করা।
সভায় আরও বক্তব্য দেন সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ নাছিম প্রমুখ।