সরকারি চার মেডিকেলের দুটিতে মর্গ নেই

রাজধানীর চারটি সরকারি মেডিকেল কলেজের মধ্যে দুটিতে এখনো মর্গসুবিধা নেই। ফলে বিভিন্ন এলাকা থেকে আসা লাশের ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি এবং মেডিকেল শিক্ষার্থীদের ময়নাতদন্ত নিয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়ার সব চাপ পড়ছে দুটি মেডিকেল কলেজের ওপর। এতে মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত প্রতিবেদন তৈরিতে বিলম্বের পাশাপাশি শিক্ষার্থীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।
চারটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজ। এর মধ্যে ঢাকা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে মর্গসুবিধা আছে। এই দুই কলেজের মর্গে রাজধানীর ৪৯টি থানা থেকে আসা লাশের ময়নাতদন্ত হয়। পাশাপাশি রাজধানী ও এর আশপাশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ময়নাতদন্তসংক্রান্ত হাতে–কলমে শিক্ষা নেন এই দুই মেডিকেল কলেজের মর্গে।
পুলিশ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলছেন, চারটি সরকারি কলেজেই মর্গসুবিধা চালু থাকা উচিত। এটা থাকলে শিক্ষার্থীদের ভোগান্তি কমার পাশাপাশি ময়নাতদন্ত প্রতিবেদনও দ্রুত পাওয়া যাবে। সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মর্গ স্থাপন প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই এর কার্যক্রম শুরু হবে। এটি চালু হলে ঢাকা মেডিকেলের ওপর চাপ কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট দুই কলেজের বিভাগীয় প্রধানেরা।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের তথ্য অনুযায়ী, রাজধানীর ৪৯টি থানার মধ্যে ৩৭টি থানা থেকে মৃতদেহ আসে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে (পুলিশ কেস) তাদেরও ময়নাতদন্ত হয় এই মর্গে। চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের মর্গে ১৪৪টি লাশের ময়নাতদন্ত হয়েছে। সে অনুযায়ী প্রতিদিন গড়ে আটটি লাশের ময়নাতদন্ত করতে হয় ফরেনসিক বিভাগের শিক্ষকদের। এর পাশাপাশি ক্লাস নেওয়া, বিভিন্ন মামলায় আদালতে সাক্ষ্য দেওয়া, বয়স নির্ণয় ও ধর্ষণের ঘটনার ফরেনসিক পরীক্ষা করতে হয় তাঁদের। এ ছাড়া রাজধানী ও এর আশপাশের অধিকাংশ বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ময়নাতদন্তসংক্রান্ত শিক্ষার জন্য আসেন ঢাকা মেডিকেল কলেজের মর্গে। এসব সামলে ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করতে হিমশিম খান সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, ঢাকা মেডিকেলে চাপ সব সময়ই বেশি থাকে। রাজধানীর ২০-২৫টি বেসরকারি কলেজের শিক্ষার্থীরা ময়নাতদন্তের ব্যবহারিক শিক্ষার জন্য ঢাকা মেডিকেলে আসেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গের কার্যক্রম শুরু হলে এই চাপ কিছুটা কমবে।
জানা গেছে, শেরেবাংলা নগরে ২০০৫ সালে বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ নামে বর্তমান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। কলেজটিতে শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৬ সালে। ২০০৯ সালে কলেজটির নাম পরিবর্তন হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হয়।
জানতে চাইলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক সেলিম রেজা বলেন, আধুনিক একটি মর্গ স্থাপন করা হয়েছে। গত শনিবার গণপূর্ত বিভাগ মর্গটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে লাশ পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। কমিশনার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আশপাশের থানায় লাশ পাঠানোর জন্য নির্দেশনা দিলেই মর্গের কার্যক্রম শুরু হবে। মর্গটিতে লাশ সংরক্ষণের জন্য নয়টি ফ্রিজার, তিনটি টেবিল, বৈদ্যুতিক করাতসহ আধুনিক সব ব্যবস্থা আছে বলে তিনি জানিয়েছেন। খুব দ্রুত মর্গের কার্যক্রম শুরু হবে উল্লেখ করে সেলিম রেজা বলেন, এটা হলে ব্যবহারিক কাজের জন্য শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে যেতে হবে না।
কলেজের পঞ্চম বর্ষের ছাত্র রায়য়ান উদ্দিন বলেন, শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাধ্যতামূলকভাবে কমপক্ষে ১০টি লাশের ময়নাতদন্ত দেখে প্রতিবেদন তৈরি করতে হয়। এ জন্য ঢাকা মেডিকেলে যেতে হতো। যাওয়া–আসায় সময় নষ্টের পাশাপাশি বিভিন্ন ভোগান্তির শিকার হতে হতো। অনেক সময় কলেজের ক্লাসও বন্ধ রাখতে হতো। তিনি বলেন, ‘আমাদের নিজস্ব মর্গটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এটির কার্যক্রম শুরু হলে বহুদিনের আক্ষেপের অবসান হবে ও শিক্ষার্থীদেরও ভোগান্তি শেষ হবে।’
২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় মুগদা মেডিকেল কলেজ নামে সর্বশেষ মেডিকেল কলেজটি। গত বছর থেকে কলেজটিতে শিক্ষা কার্যক্রম শুরু হয়। এই কলেজের মর্গ ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে কলেজটির অধ্যক্ষ শামিউল ইসলাম সাদী বলেন, কলেজটিতে মর্গ নেই। মর্গসহ আরও কিছু স্থাপনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি পাস হলে এই কলেজেও মর্গসহ সব সুবিধা চালু হবে।